শার্শায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা আটক
পত্রদূত ডেস্ক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শার্শা থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের আ. লতিফ ধাবকের ছেলে শফিক মাহমুদ ধাবক (৪৩), মৃত আব্বাস আলীর ছেলে আমিনুর রহমান (৫২) এবং মৃত ইয়াকুব আলীর ছেলে বজলুর রহমান (৫০)।
পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনে তাঁদের আটক করা হয়েছে। আটক শফিক মাহমুদ ধাবক শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনুর রহমান লক্ষণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং বজলুর রহমান ডিহি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক তিনজনকে মঙ্গলবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






