সুন্দরবনে রাসপূজায় প্লাস্টিক-পলিথিন ব্যবহার বন্ধে বন বিভাগে স্মারকলিপি
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসপূজা ও রাসমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বিপুলসংখ্যক পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটবে। রাসমেলায় প্লাস্টিক, পলিথিন ও পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রীর ব্যবহার বন্ধসহ সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ভয়েস অব সিটিজেনস ও গ্রিন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক কমিটির পক্ষ থেকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলামের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে সুন্দরবনে প্রবেশের আগে নৌযান ও ট্রলারে প্লাস্টিক, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য ক্ষতিকর সামগ্রী পরিবহন নিরুৎসাহিত করার দাবি জানানো হয়। বিশেষ করে প্লাস্টিকের থালা, চামচ, গ্লাসসহ অপচনশীল সামগ্রী মেলায় বহন ও ব্যবহার বন্ধে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি পুণ্যার্থী ও দর্শনার্থীদের কাপড়ের ব্যাগ, পুনর্ব্যবহারযোগ্য পানির বোতলসহ পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে উৎসাহিত করা, মেলা প্রাঙ্গণ ও নৌযানে বর্জ্য সংগ্রহ এবং নির্দিষ্ট স্থানে সংরক্ষণের ব্যবস্থা করা, সুন্দরবনের গাছপালা, বন্যপ্রাণী, নদী-খাল ও বনজসম্পদের ক্ষতি হয় এমন কর্মকা- প্রতিরোধ এবং মেলা চলাকালে পরিবেশ সংরক্ষণে মাইকিং করার দাবিও জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভয়েস অব সিটিজেনস কমিটির সভাপতি রণজিৎ বর্মণ, গাবুরা ইউনিয়ন ভয়েস অব সিটিজেনস কমিটির সভাপতি খায়রুল ইসলাম মিলন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম ও শিক্ষক মো. এনামুল হক প্রমুখ। স্মারকলিপি গ্রহণের পর সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, সুন্দরবন সুরক্ষায় স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে দেখা হবে।









