র্যামন ম্যাগসাইসাই পুরস্কার গ্রহণ করলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান
নিজস্ব প্রতিনিধি: এশিয়ার মর্যাদাপূর্ণ ‘র্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার গ্রহণ করেছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। গত ১৫ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে (মেট থিয়েটার) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে ২০২৬ সালের ৬৮তম র্যামন ম্যাগসাইসাই পুরস্কার তুলে দেওয়া হয়। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের পৌত্র ফ্রান্সিসকো ম্যাগসাইসাই আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া।
এডগার ও. চুয়া বলেন, ২০২৬ সালের পুরস্কার বিজয়ী টমি কোহ, রুনা খান ও বো চি নিঃস্বার্থ সেবা ও মহানুভবতার মাধ্যমে নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের জীবন ও কর্ম অন্যের দুঃখ-কষ্টের প্রতি সংবেদনশীল হতে এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে।
জনসেবামূলক কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে র্যামন ম্যাগসাইসাই পুরস্কারকে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে এটি ‘এশিয়ার নোবেল’ হিসেবেও পরিচিত। রুনা খান বাংলাদেশের ১৪তম ব্যক্তি হিসেবে এ পুরস্কার অর্জন করলেন। এর আগে বাংলাদেশের আরও ১৩ জন এ সম্মাননায় ভূষিত হয়েছেন।
পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় রুনা খান বলেন, এ স্বীকৃতি তাঁর সারা জীবনের বিশ্বাস ও মূল্যবোধকে সম্মানিত করেছে। এমন একটি পুরস্কার পাওয়া তাঁর কাছে স্বপ্নের মতো। এ সম্মাননা তাঁকে গভীরভাবে বিনয়ী ও কৃতজ্ঞ করেছে।
ফ্রেন্ডশিপের মাধ্যমে দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবন-জীবিকার সুযোগ সৃষ্টি এবং অন্যান্য মৌলিক সেবা পৌঁছে দিতে কাজ করছেন রুনা খান। মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় তাঁর সহমর্মিতা, সাহস, দূরদর্শিতা ও দীর্ঘদিনের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
উল্লেখ্য, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের স্মরণে ১৯৫৮ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়। সাহস, সততা, জনসেবা এবং এশিয়ার গুরুত্বপূর্ণ মানব উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে এশিয়ার ২৪টি দেশ ও অঞ্চলের ৩৫৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ পুরস্কারে ভূষিত হয়েছেন।









