সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নগরঘাটায় সার গোডাউন নির্মাণকাজ পরিদর্শন করলেন এমপি ইজ্জত উল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
নগরঘাটায় সার গোডাউন নির্মাণকাজ পরিদর্শন করলেন এমপি ইজ্জত উল্লাহ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল এলাকায় শিল্প মন্ত্রণালয়ের অনুমোদিত সার গোডাউন (বাফার গুদাম) নির্মাণকাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নির্মাণাধীন গোডাউন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় নির্মাণকাজের অগ্রগতি ও ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা এবং নির্মাণে মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, সার গোডাউনটি নির্মিত হলে এ অঞ্চলের কৃষকদের সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে কৃষকদের সারপ্রাপ্তি সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, নগরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির প্রভাষক জাহিদ হোসেন, উপজেলা শুরা সদস্য মাওলানা মেহেদী হাসান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Ads small one

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতে সার্চলাইটে টহল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতে সার্চলাইটে টহল

Oplus_131072

এম এ রহিম, বেনাপোল (যশোর): দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতে আধুনিক সার্চলাইট ব্যবহার করে টহল ও নজরদারি চালানো হচ্ছে।
সীমান্তের সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণে সার্চলাইটের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করছেন বিজিবি সদস্যরা। আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধে দিন-রাত টহল, গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের চার শীর্ষ নেতার পেট্রাপোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে বৈঠকের খবর প্রকাশের পর বেনাপোল সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে নিষিদ্ধ সংগঠনের পলাতক আসামিদের অবৈধ পারাপার ঠেকাতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি অতিরিক্ত ৩০টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এ ছাড়া নজরদারিতে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, সার্চলাইট, নাইট ভিশন গগলস, ড্রোন, সিসিটিভি ক্যামেরা, নাইট ভিশন বাইনোকুলার ও ফ্ল্যাশলাইট ব্যবহার করা হচ্ছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সতর্কতা অব্যাহত থাকবে।
এদিকে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারাও সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

 

ভোমরা বন্দরে আমদানি বেড়ে আদার দাম ৬৫ টাকা, সাতক্ষীরার খুচরা বাজারে ১৪০

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
ভোমরা বন্দরে আমদানি বেড়ে আদার দাম ৬৫ টাকা, সাতক্ষীরার খুচরা বাজারে ১৪০

পত্রদূত রিপোর্ট: আমদানি বাড়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। তবে আমদানি ও সরবরাহ বাড়লেও জেলা শহরের খুচরা বাজারে দাম কমার প্রভাব পড়েনি। সেখানে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকা পর্যন্ত, যা বন্দরের দামের দ্বিগুণেরও বেশি। রোববার সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে মেসার্স ফাতেমা স্টোরে প্রতি কেজি আদা ১৪০ টাকা দরে বিক্রি হয়। প্রতিষ্ঠানটির পরিচালক আনোয়ার হোসেন জানান, দুই সপ্তাহ আগে আদার দাম ছিল ২০০ টাকা। তবে ভোমরা বন্দরে দাম কমলেও শহরের পাইকারি বাজারে সেই প্রভাব পড়েনি। রোববার সুলতানপুর বড় বাজারে প্রতি কেজি আদা ১২৫ থেকে ১৩০ টাকা দরে পাইকারি বিক্রি হয়েছে। ফলে খুচরা পর্যায়ে ১৪০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে দাবি তাঁর।
অন্যদিকে, ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স গণি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, তাঁদের প্রতিষ্ঠান দিয়ে সম্প্রতি প্রচুর আদা আমদানি হচ্ছে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ টন আদা আমদানি করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তাঁদের এজেন্টের মাধ্যমে এসব আদা আমদানি করছেন। আমদানি বেড়ে যাওয়ায় বন্দরে প্রতি কেজি আদা ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ সাতক্ষীরা শহরে তা ১২৫ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ জানান, আমদানি করা ভারতীয় আদা ৯০ থেকে ১০০ টাকার বেশি দামে বিক্রি হওয়ার কথা নয়। ভোমরা বন্দরে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। বেশি দামে বিক্রির অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ জানান, ২০২৬ মৌসুমে সাতক্ষীরায় ৬৬ হেক্টর জমিতে আদা চাষ করে ৮০৫ টন উৎপাদন হয়েছে। তবে এ উৎপাদন স্থানীয় চাহিদার তুলনায় অপ্রতুল।

আশাশুনিতে ২ হাজার ৩৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
আশাশুনিতে ২ হাজার ৩৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৩৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ সরিষাচাষিকে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ১০ জন মুগডালচাষিকে ৫ কেজি করে মুগের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১৫০ জন সূর্যমুখীচাষিকে ৮০০ গ্রাম করে বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ কেজি জিপসাম ও ১ কেজি বোরন সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল সোবহান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা আসন্ন রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।