আগামী দুই-তিন দিন কালবৈশাখী হওয়ার সম্ভাবনা
অনলাইন ডেস্ক: ঢাকা, চট্টগ্রামসহ দেশের ছয় বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এই সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে। এই কালবৈশাখী ঝড় আরো দুই থেকে তিন দিন থাকতে পারে।
মঙ্গলবার (৭ এপ্রিল) পরবর্তী ১২০ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
তিনি জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুরের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
এদিকে মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। খুলনার কয়রা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে শিলাবৃষ্টি হয়েছে।
শিলার আঘাতে গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরের টিনের চাল পুরোপুরি ফুটো হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে আম ও লিচুর বাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বইছে।









