শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস। তিনি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন দিক তুলে ধরেন।

উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের শিক্ষক সিদ্দিকুল ইসলাম বকুল ও বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী।

এ ছাড়া গণমাধ্যমকর্মী, বিভিন্ন এনজিও ও ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং খামারিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন পদ্ধতি, খামারিদের উৎসাহিত করা এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় দুর্যোগপ্রবণ শ্যামনগর উপজেলায় অ্যানিমেল শেল্টার নির্মাণ এবং লবণসহিষ্ণু ঘাস চাষ সম্প্রসারণের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।

Ads small one

কপ-৩১-এর প্রতিশ্রুত অর্থ উপকূলে ব্যয়ের কর্মপরিকল্পনা চান নাগরিক নেতারা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
কপ-৩১-এর প্রতিশ্রুত অর্থ উপকূলে ব্যয়ের কর্মপরিকল্পনা চান নাগরিক নেতারা

পত্রদূত ডেস্ক: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য পাওয়া অর্থসহায়তা ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতারা। একই সঙ্গে উপকূলের সমন্বিত উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ এবং উপকূল উন্নয়ন বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন তাঁরা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্লাইমেট অ্যাকশন ফোরাম, ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনসহ ছয়টি নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে এসব দাবি জানানো হয়।

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি আমিনুর রসুলের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান-ইয়াত, পরিজার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল ও স্ক্যানের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন, ভূমিক্ষয় ও লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলের কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবন ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। নিরাপদ পানির সংকট, জীবিকার অনিশ্চয়তা ও বাস্তুচ্যুতির কারণে মানুষ শহরমুখী হতে বাধ্য হচ্ছে। দেশের বিশাল উপকূলীয় অঞ্চলকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। জলবায়ু সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার পাশাপাশি এ পর্যন্ত জলবায়ু খাতে ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানান তিনি।

মীর মোহাম্মদ আলী বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু মোকাবিলায় বাংলাদেশ বিশেষ অর্থসহায়তার প্রতিশ্রুতি পেয়েছে। তবে এ পর্যন্ত জলবায়ু অর্থের প্রায় ৬৭ শতাংশ ঋণ হিসেবে এসেছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, উপকূলের কোথায়, কোন প্রকল্পে কত অর্থ ব্যয় হয়েছে, তার স্বচ্ছ হিসাব নেই। তাই উপকূলের জন্য আলাদা বরাদ্দ, অগ্রাধিকার তালিকা ও সময়সীমা নির্ধারণ করে জবাবদিহিমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি।

সমাবেশে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থ উপকূলের জন্য সংরক্ষণ, জেলাভিত্তিক ও সময়াবদ্ধ বিনিয়োগ কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রকাশ, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীবান্ধব আশ্রয়কেন্দ্র স্থাপন।

এ ছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর পুনঃখনন ও পানি শোধনাগারের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা এবং জেলে, কৃষক, বনজীবী ও নারী উদ্যোক্তাদের জন্য জলবায়ু-সহনশীল জীবিকা ও প্রণোদনা নিশ্চিত করার দাবি জানানো হয়।

যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণবারসহ কলারোয়ার ৩ যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণবারসহ কলারোয়ার ৩ যুবক আটক

পত্রদূত ডেস্ক: যশোরে ৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণবারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৪৯ বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় আটক ব্যক্তিদের শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাটিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।

এ ছাড়া অভিযানকালে ৭ হাজার টাকা মূল্যের ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেট কার, চারটি মুঠোফোন, দুটি হাতঘড়ি ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণবারগুলো নিয়ে যাচ্ছিলেন তাঁরা।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আমীর মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে উপজেলা আমীর হয়েছেন মাওলানা মোশাররফ হোসেন এবং সেক্রেটারি হয়েছেন মাওলানা হাবিবুর রহমান।

কমিটিতে নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাস্টার হাবিবুর রহমান ও মো. শহীদ হাসান। সহকারী সেক্রেটারি হয়েছেন মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মাহফুজুর রহমান ও মাওলানা আনিছুর রহমান।

এ ছাড়া নির্বাচন ও মনোনয়নের মাধ্যমে ২২ সদস্যের শূরা ও কর্মপরিষদ গঠন করা হয়েছে।

এ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সাংগঠনিক অনুষ্ঠানে নবনির্বাচিত ও মনোনীত শূরা সদস্য, কর্মপরিষদ সদস্য এবং উপজেলা সেক্রেটারিকে শপথবাক্য পাঠ করান উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন। এ সময় দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ, নীতি-নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন।

বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম গতিশীল করতে দায়িত্বশীলদের আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা গুরুত্বপূর্ণ। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সদর উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নবগঠিত কমিটির নেতারা আগামী দুই বছর তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।