শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বনদস্যুদের দৌরাত্ম্যে জীবিকা সংকট, শিক্ষা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
বনদস্যুদের দৌরাত্ম্যে জীবিকা সংকট, শিক্ষা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ 

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির কারণে বনজীবীদের জীবিকা বন্ধ হয়ে পড়ায় শিক্ষা ও পরিবার রক্ষার দাবিতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে উপকূলীয় শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়।

বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে উপকূলীয় সড়ক মুখর করে তোলে। কর্মসূচি শেষে খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানায় তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, সুন্দরবনে অপহরণ ও চাঁদাবাজির ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ থাকায় হাজার হাজার বনজীবী পরিবার আর্থিক সংকটে পড়েছে। এতে অনেক শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে। কেউ কেউ পড়াশোনা ছেড়ে জীবিকার সন্ধানে যেতে বাধ্য হচ্ছে।

শিক্ষার্থী রাসেল রানা বলেন, বাবা-মায়ের বেকারত্ব তাদের বই-খাতা কেড়ে নিচ্ছে। বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত অভিযান চালানোর দাবি জানান তিনি। শিক্ষার্থী সাকিলা পারভীন বলেন, দস্যুদের ভয়ে তাঁর বাবা বনে যেতে পারছেন না। সংসারে খাবার ও পড়াশোনার খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। হিরা মনি বলেন, বনদস্যুদের কারণে একটি প্রজন্মের শিক্ষাজীবন অন্ধকারে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিভাবক মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম বলেন, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো এবং সন্তানদের পড়াশোনা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। তাঁরা দ্রুত সহায়তা ও বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাসেল রানা, চাঁদনীমুখা পরিজান আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হোসেন, সাকিলা পারভীন, আশুরা খাতুন, অয়েস কুরুনী, মুন্নি আক্তার, রাকিব হোসেন, টুটুল, জিল্লুর রহমান ও হিরা মনি।

খুলনা বিএল কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী জিয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন কলেজশিক্ষার্থী আশিকুর রহমান। শিক্ষকদের পক্ষে সংহতি জানান আব্দুর রহিম ও শহিদুল ইসলাম। অভিভাবকদের পক্ষে সংহতি জানান গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম।

Ads small one

সাতক্ষীরায় খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন

নেতৃত্বে ডা. মাহমুদুল হাসান পলাশ, মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনা

এসএম বিপ্লব হোসেন: সাতক্ষীরায় খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ন্যূনতম কাটাছেঁড়ায় আধুনিক প্রযুক্তিনির্ভর এ অস্ত্রোপচারে নেতৃত্ব দেন স্পাইন সার্জন ডা. মাহমুদুল হাসান পলাশ। সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ৫৫ বছর বয়সী জেবুননাহারের শরীরে এ অস্ত্রোপচার করা হয়।

এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি মেরুদণ্ডের রোগের চিকিৎসায় আধুনিক পদ্ধতি। এতে ছোট ছিদ্রের মাধ্যমে ক্যামেরা ও বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে অস্ত্রোপচার করা হয়। প্রচলিত পদ্ধতির তুলনায় এতে কাটাছেঁড়া, রক্তক্ষরণ ও অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা কম হওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে দ্রুত সুস্থ হওয়ার সুযোগ থাকে।

রোগীর ছেলে শিবলু জানান, মেরুদণ্ডের সমস্যা নিয়ে তাঁরা বেশ দুশ্চিন্তায় ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথাও ভাবছিলেন। কিন্তু নিজ জেলাতেই আধুনিক পদ্ধতিতে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন। এ জন্য চিকিৎসক ও তাঁর দলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ডা. মাহমুদুল হাসান পলাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজে অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি মেরুদণ্ডের চিকিৎসায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। ২০১৯ সালে সাতক্ষীরায় প্রথম টোটাল হিপ সার্জারি, প্রথম স্পাইন ফিক্সেশন এবং প্রায় সাত বছর আগে প্রথম PLID অপারেশনসহ বিভিন্ন উল্লেখযোগ্য অস্ত্রোপচারে যুক্ত ছিলেন।

এ পর্যন্ত তিনি ১ হাজার ২০০টির বেশি স্পাইন সার্জারিসহ পাঁচ হাজারের অধিক অর্থোপেডিক্স অস্ত্রোপচার সম্পন্ন করেছেন বলে জানা গেছে। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।

ডা. মাহমুদুল হাসান পলাশ বলেন, সাতক্ষীরাসহ খুলনা বিভাগের মানুষের জন্য মেরুদণ্ড ও অর্থোপেডিক্সের উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য করাই তাঁর লক্ষ্য। জটিল রোগের চিকিৎসার জন্য মানুষকে যেন দূরের শহরে ছুটতে না হয়, সে লক্ষ্যে কাজ করছেন তিনি। দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বিদেশমুখী চিকিৎসার প্রবণতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে।

সংশ্লিষ্টদের মতে, সাতক্ষীরায় এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির সূচনা জেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে সাতক্ষীরাসহ খুলনা বিভাগের রোগীদের উন্নত চিকিৎসা পাওয়ার নতুন সুযোগ তৈরি হবে।

পাটকেলঘাটায় বিষাক্ত স্প্রে ছিটিয়ে চার বাড়িতে চুরি, মসজিদের দানবাক্সও লুট

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
পাটকেলঘাটায় বিষাক্ত স্প্রে ছিটিয়ে চার বাড়িতে চুরি, মসজিদের দানবাক্সও লুট

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটার খলিশখালী ইউনিয়নে সংঘবদ্ধ চোরচক্রের তৎপরতা বেড়েছে। বিষাক্ত স্প্রে ছিটিয়ে বাড়ির সদস্যদের অচেতন করে এবং বিভিন্ন স্থানে তালা ভেঙে চারটি বাড়ি ও একটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রাঘবকাটি জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে প্রায় ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

একই রাতে খলিশখালী ইউনিয়নের দক্ষিণপাড়ায় খোকন ময়রার বাড়িতে বিষাক্ত স্প্রে ছিটিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে চোরেরা। পরে বাড়ির গেটের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ছাড়া কৈখালী গ্রামের ঝরু সরকারের বাড়িতেও একই কায়দায় বিষাক্ত স্প্রে ছিটিয়ে পরিবারের সদস্যদের অচেতন করা হয়। রাত ১১টার দিকে সংঘটিত এ ঘটনায় কানের দুলসহ নগদ টাকা ও প্রায় চার লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে কাশিয়াডাঙ্গা গ্রামের পূর্ণময় শেখের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির সদস্যদের দেওয়া তথ্যমতে, জানালা ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা আলমারিতে থাকা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য রাখা প্রায় ১০ হাজার টাকা নিয়ে যায়।

পরপর এসব চুরির ঘটনায় খলিশখালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। সংঘবদ্ধ চোরচক্রকে শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

প্রীতি ক্রিকেট ম্যাচে নাইট শিফটকে হারিয়ে চ্যাম্পিয়ন ডে শিফট

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
প্রীতি ক্রিকেট ম্যাচে নাইট শিফটকে হারিয়ে চ্যাম্পিয়ন ডে শিফট

স্পোর্টস ডেস্ক: আল-মামুন (সম্রাট): সাতক্ষীরায় এলিট ফিটনেসের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে নাইট শিফটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডে শিফট দল।

কারিমা স্কুল মাঠে অনুষ্ঠিত ১৪ ওভারের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ডে শিফট দল অধিনায়ক পল্লবের অপরাজিত ৬২ রানের ইনিংসে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ডে শিফটের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে মাত্র ৭২ রানে অলআউট হয় নাইট শিফট। ফলে বড় ব্যবধানে জয় পায় ডে শিফট।

খেলায় ডে শিফট দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন ট্রেনার ফরহাদ এবং নাইট শিফট দলের দায়িত্বে ছিলেন ট্রেনার জাকারিয়া। ম্যাচ পরিচালনা করেন উমিদ। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ডে শিফট অধিনায়ক পল্লব।

খেলা শেষে চ্যাম্পিয়ন ডে শিফট দলকে ৩৬টি ডিম এবং রানার্সআপ নাইট শিফট দলকে ২৪টি ডিম পুরস্কার দেওয়া হয়। এ সময় জিমের নারী ট্রেনার মৃদুলাসহ নারী সদস্যদের উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

জিমের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ ম্যাচে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।