সীমান্তে বিজিবির অভিযানে গয়না ও মোবাইলের পার্টসসহ বিপুল মালামাল আটক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব পণ্যের মধ্যে রয়েছে ইমিটেশনের গয়না, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ। বিজিবির দাবি, জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৫ হাজার ১৪০ টাকা।
বিজিবি সূত্র জানায়, রোববার (৩ মে) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন কাকডাঙ্গা, তলুইগাছা, মাদরা ও হিজলদী বিওপির সদস্যরা পৃথক এই অভিযান পরিচালনা করেন। সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে ৪ লাখ ৯ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে ১ লাখ ৩০ হাজার ২৪০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশনের গয়না জব্দ করা হয়। কলারোয়ার উত্তর ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করা হয়। কলারোয়া সীমান্ত থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসেছিল। এসব অবৈধ পণ্যের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।










