আগরদাঁড়ি ইউনিয়ন জামায়াতের আমিরের ইন্তেকাল: এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের জানাজায় ইমামতি ও শোক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন জামায়াতের আমির ও কাশেমপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনিরুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১২টার দিকে শহরের ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যানসারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ২টায় কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
জানাজা-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ ও অধ্যাপক ওমর ফারুক, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী এবং উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাওলানা মনিরুজ্জামান আগরদাঁড়ি ইউনিয়নের কাশেমপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কামিল ও এমএ ডিগ্রি অর্জনের পর শিক্ষকতা ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমপি ও জেলা আমিরের শোক: মাওলানা মনিরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক ও জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। শোকবার্তায় তারা বলেন, “মাওলানা মনিরুজ্জামান ছিলেন ইসলামী আন্দোলনের এক নিবেদিতপ্রাণ ও দক্ষ সংগঠক। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তার অবদান স্থানীয় পর্যায়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।” নেতৃবৃন্দ তার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।









