বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরায় চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরায় চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কালীগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে সোহরাব হোসেন সরদার (৫৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু বক্কর ছিদ্দিক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সোহরাব হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলার তারালী গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, সম্পর্কে প্রতিবেশী দাদা হওয়ায় সোহরাব হোসেন চার বছর বয়সী ওই শিশুটির সঙ্গে মাঝেমধ্যে খেলাধুলা করতেন। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুরে বাড়ির উঠানে খেলা করার একপর্যায়ে শিশুটিকে কৌশলে নিজের ঘরে নিয়ে যান সোহরাব। পরে গলা চেপে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। সন্ধ্যায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়।

এ ঘটনার পর ২০২৪ সালের ৪ মার্চ শিশুটির মা বাদী হয়ে সোহরাব হোসেনকে একমাত্র আসামি করে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পরদিনই সাতক্ষীরা সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয় এবং আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

তদন্ত শেষে ২০২৪ সালের ২৯ অক্টোবর কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল আলম আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার পর থেকেই আসামি সোহরাব জেলহাজতে ছিলেন।

বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আলী আশরাফ বলেনÑ “১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।”

এদিকে রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী আব্দুল মজিদ অসন্তোষ প্রকাশ করে জানান, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Ads small one

শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি, থমথমে পরিস্থিতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি, থমথমে পরিস্থিতি

 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে একটি পরিবারের সদস্য ও সংবাদকর্মীকে দেশান্তর করার হুমকি, প্রাণনাশ এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই যুবকের নাম পরিতোষ কুমার বৈদ্য। উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাসুমের বিরুদ্ধে গত এক সপ্তাহ ধরে মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে এই অনবরত হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাসিয়া গ্রামের এক প্রতিবন্ধী শিক্ষকের মেয়ের সঙ্গে ‘মাসুম কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট’ দোকানের মালিক মাসুমের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে কিছুদিন আগে গভীর রাতে ওই মেয়েটিকে তুলে নিয়ে আসার চেষ্টা করলে এলাকাবাসী মাসুমকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। পরদিন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় মুচলেকা নিয়ে মাসুমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরিতোষ কুমার বৈদ্য জানান, ভুক্তভোগী পরিবারটি তার আত্মীয় হওয়ায় তিনি মানবিক কারণে তাদের আইনি ও সামাজিক সহযোগিতা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাসুম তার কাছে ৪০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দাবি করে। এই অনৈতিক দাবি পূরণ করতে অস্বীকৃতি জানালে মাসুম তাকে দেশছাড়া করার হুমকি দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষায় বার্তা পাঠাতে শুরু করে। নিরাপত্তার স্বার্থে পরিতোষ শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও মাসুমের হুমকি থামেনি।
অভিযুক্ত মাসুম জানায়Ñ“মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের যেসব স্ক্রিনশট ও রেকর্ডের কথা বলা হচ্ছে, সেগুলো আমার আইডি নয়। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্ত মাসুমকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর শাখার আহ্বায়ক অনাথ ম-ল। আইন বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল মাধ্যমে এভাবে হুমকি ও মানহানিকর বক্তব্য দেওয়া সাইবার নিরাপত্তা আইন ও দ-বিধির ফৌজদারি ধারা অনুযায়ী কঠোর শাস্তিযোগ্য অপরাধ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, “সংবাদকর্মী পরিতোষ বৈদ্যের জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এরপরও যদি তাকে নতুন করে কোনো হুমকি দেওয়া হয়ে থাকে, তবে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আশাশুনিতে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
আশাশুনিতে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা

আশাশুনি প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে সঠিক নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. সালাম। সভায় পবিত্র ঈদে পশুর চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য সঠিক নিয়মে চামড়া ছাড়ানো, লবণ দিয়ে সংরক্ষণ, দ্রুত বর্জ্য অপসারণ ও পরিবেশ সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আছাদুল ইসলাম, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিক, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসানসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মাংস ব্যবসায়ী (কসাই) ও পশু ব্যবসায়ীরা অংশ নেন।

কলারোয়ায় অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান সংগ্রহের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
কলারোয়ায় অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান সংগ্রহের উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ২০২৬ ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তালা সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এ ধান সংগ্রহের উদ্বোধন করেন। এই ধান সংগ্রহ আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাফিজুর রহমান, গুদাম কর্মকর্তা হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউর রহমান, ব্যবসায়ী আতিয়ার রহমান, আব্দুল হাকিম প্রমুখ। এ বছর ১২৪৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে উপজেলা গুদাম কর্মকর্তা হাসান নিশ্চিত করেন।