সাতক্ষীরায় হাটে চোরাই গরু বিক্রি করতে গিয়ে আটক ২
জিএম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পশুর হাটে চোরাই গরু বিক্রি করতে গিয়ে হাট কমিটির হাতে দুই যুবক আটক হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে বসা কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। পরে আটককৃতদের চোরাই গরু ও একটি ইজিবাইকসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেনÑসাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরজো পাটুরি গ্রামের আদর আলী গাজীর ছেলে মো. রাজু হোসেন (২৫) এবং গরু বহনকারী ইজিবাইকচালক ও সদর উপজেলার পরানদহা সানারডাঙ্গা এলাকার আব্দুল মান্নান গাজীর ছেলে মো. শাকিল হোসেন (২২)। হাট কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজু হোসেন হাটে একটি গরু ৫৫ হাজার টাকায় বিক্রি করেন।
বিক্রির পর নিয়ম অনুযায়ী হাটের হাসিল বা ‘পাশ’ কাটতে গেলে রাজুর কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। এতে হাট কমিটির সদস্যদের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাজু স্বীকার করেন যে, গরুটি তিনি সদর উপজেলার লাবসা বা খেজুরডাঙ্গা এলাকার একটি মাঠ থেকে চুরি করে এনেছেন।
বিষয়টি জানাজানি হলে পুরো হাট এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় ক্ষুব্ধ জনতা রাজু এবং চুরির কাজে ব্যবহৃত ইজিবাইকের চালক শাকিলকে আটকে রাখে। পরে খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেন।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হাবিবুর রহমান বলেন, “চোরাই গরু বিক্রির অপরাধে দুজনকে আটক করা হয়েছে। গরু ও চুরির কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আটক দুই যুবক এবং উদ্ধার হওয়া চোরাই গরুটি ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির হেফাজতে ছিল। এই ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।









