লোকসান ঠেকাতে লবণের অনুদান চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাতক্ষীরার চামড়া ব্যবসায়ীদের আবেদন
নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য অনুদান হিসেবে লবণ বরাদ্দ চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে সাতক্ষীরা জেলা চামড়া অ্যাসোসিয়েশন। গত ১৮ মে জেলা প্রশাসনের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর এই আবেদনপত্র জমা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন অ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহায় সাতক্ষীরা জেলা চামড়া অ্যাসোসিয়েশনের সদস্যরা বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। তবে গত কয়েক বছর ধরে চামড়া সংরক্ষণ, লবণ ও শ্রমিকের বাড়তি খরচের কারণে তারা ক্রমাগত লোকসানের মুখে পড়েছেন। ক্রমাগত এই লোকসানের ফলে অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে এখন দেউলিয়া হওয়ার উপক্রম।
আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, লবণের চড়া দামের কারণে চামড়া সংরক্ষণ করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের হিমশিম খেতে হয়। অনেক সময় লবণের অভাবে সঠিক সময়ে প্রক্রিয়াজাত না করায় বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি মোকাবিলা এবং সরকার নির্ধারিত মূল্যে চামড়া কেনাবেচা নিশ্চিত করতে অনুদান হিসেবে সরকারিভাবে লবণ বরাদ্দ দেওয়া জরুরি।
সাতক্ষীরা জেলা চামড়া অ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান বলেন, “লবণের দাম ও সংরক্ষণের খরচ বাড়ায় আমরা চরম পুঁজিসংকটে আছি। সরকার অনুদান হিসেবে লবণ বরাদ্দ দিলে চামড়া নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে এবং ব্যবসায়ীরাও বাঁচবেন।”
ব্যবসায়ীরা আশা করছেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে দ্রুত এই লবণের অনুদান বরাদ্দ দেওয়া হলে সাতক্ষীরা অঞ্চলে কোরবানির চামড়া শিল্প বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।









