মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

​ঈদে ভিন্ন আমেজ: ধুলিহরে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল, জয়ী আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
​ঈদে ভিন্ন আমেজ: ধুলিহরে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল, জয়ী আর্জেন্টিনা

নিজস্ব প্রতিনিধি: ​পবিত্র ঈদুল আজহার আনন্দকে আরও একটু রঙিন ও প্রাণবন্ত করে তুলতে সাতক্ষীরায় আয়োজন করা হলো এক ব্যতিক্রমী ফুটবল ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল—ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।

​ শুক্রবার (২৯ মে) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় সংগঠন ‘কোমরপুর যুব সংঘ’-এর আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ম্যাচটি উপভোগ করেন শত শত দর্শক।

​আয়োজকেরা জানান, কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তরুণদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। খেলায় অংশ নেওয়া দুই দলের অধিকাংশ খেলোয়াড়ই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত। কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে ঈদের ছুটিতে বাড়ি এসেই তাঁরা এই খেলায় মেতে ওঠেন।

​টানটান উত্তেজনাকর এই ম্যাচে আর্জেন্টিনার সমর্থকদের নেতৃত্ব দেন কোমরপুর গ্রামের কৃতি সন্তান ও নিউরো সার্জন ডা. হাসানুজ্জামান। দলটির ম্যানেজারের দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হাফিজ আল আসাদ চঞ্চল। অন্যদিকে, ব্রাজিল সমর্থক দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন কোমরপুর যুব সংঘের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং ম্যানেজার ছিলেন ইসলামী ব্যাংক নাভারন শাখার সিনিয়র অফিসার জিল্লুর রহমান।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর মাঠের চিরবৈরী দুই দলের লড়াই জমে ওঠে দ্বিতীয়ার্ধে। ম্যাচের শেষভাগে আক্রমণ-পাল্টা আক্রমণের একপর্যায়ে ১-০ গোলে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা সমর্থক দল। মাঠে রেফারির দায়িত্ব পালন করেন আনিস ও ফরহাদ।

​খেলা শেষে কোমরপুর যুব সংঘের সভাপতি সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম ফাহিম, শিক্ষক আব্দুস সালাম, জাহাঙ্গীর কবির, ধুলিহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম এবং এসআই জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​খেলার মাঠে প্রিয় দলের জার্সি গায়ে প্রিয় মানুষদের এমন লড়াই ও সম্প্রীতির মেলবন্ধন পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। স্থানীয় দর্শকেরা জানান, হার-জিত বড় কথা নয়, ঈদের পর এমন আয়োজন তাঁদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

Ads small one

জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই’: সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই’: সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক

সংবাদদাতা: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, অন্যায়ের কাছে সাতক্ষীরার মানুষ কখনো মাথা নত করেনি এবং ভয় দেখিয়েও তাঁদের দমানো যাবে না।

সোমবার (২৭ জুলাই) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে জুলাই শহীদদের স্মরণ, তাঁদের আত্মার মাগফিরাত কামনা ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ মোনার সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়ারুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম ও পৌর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার কোনো অনিয়ম ও দুর্নীতির কাছে তিনি মাথা নত করবেন না। সম্প্রতি সংসদে সাতক্ষীরায় রেললাইন স্থাপন, সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু, পৌরসভার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং সড়ক কাঠামোর উন্নয়নের দাবি তুলে ধরা হয়েছে উল্লেখ করে তিনি ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ভারি বৃষ্টিতে ভাঙা রাস্তা মেরামত ও পানি নিষ্কাশনে আনসার-ভিডিপি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
ভারি বৃষ্টিতে ভাঙা রাস্তা মেরামত ও পানি নিষ্কাশনে আনসার-ভিডিপি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় ভারি বৃষ্টিপাতের কারণে সাতবাড়িয়া ইউনিয়নের দত্তনগর গ্রামসহ বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে যায়। বিষয়টি গত শুক্রবার উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. মিয়াজান আলীকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে যশোর জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়াকে অবহিত করেন। জেলা কমান্ড্যান্টের পরামর্শে আনসার সদস্যদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়। সেই লক্ষ্যে সাতবাড়িয়া ইউনিয়নের দলনেতা তালিব হোসাইন ও ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের দলনেতা আলী হোসেন প্লাটুনভুক্ত ভিডিপি সদস্যদের সঙ্গে নিয়ে রাস্তা মেরামত ও পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
এ সময় উপস্থিত থেকে সাধুবাদ জানান সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা। আনসার-ভিডিপির এই স্বেচ্ছাশ্রম ও সামাজিক কাজের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী জানান, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে তাঁর দল ও সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছেন।

প্রান্তিক যুব সংঘের সভায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
প্রান্তিক যুব সংঘের সভায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের সিদ্ধান্ত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার সামাজিক সংগঠন ‘প্রান্তিক যুব সংঘ’-এর জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটায় সাতক্ষীরার প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হৃদয় ম-লের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সাতক্ষীরা ইউনিটের লাইব্রেরি ইনচার্জ মো. আতিকুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন, বোর্ড সদস্য ও সাধারণ সদস্যরা।
সভার শুরুতে সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে তরুণদের সামাজিক ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা জানান, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা স্থানীয় জনজীবন, কৃষি, শিক্ষা ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এই সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে শিগগিরই একটি মানববন্ধন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জলাবদ্ধতা নিরসনের দাবির পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।