শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

রান্নাঘর ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়: কলারোয়ায় তরুণীর করুণ মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
রান্নাঘর ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়: কলারোয়ায় তরুণীর করুণ মৃত্যু

মো. সিরাজুল ইসলাম: সকালবেলার স্বাভাবিক ব্যস্ততা ছিল চন্দনপুর গ্রামের আব্দুল্লাহ সরদারের বাড়িতে। আঠারো বছর বয়সী মেয়ে বিথী খাতুন প্রতিদিনের মতো ঘরকন্যার কাজে ব্যস্ত ছিলেন। সকাল আটটার দিকে রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় হঠাতই পায়ে তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। মুহূর্তেই বোঝা যায়, শান্ত এই সকালে বিষধর সাপের দংশন কেড়ে নিতে চলেছে এক প্রাণচঞ্চল তরুণীর স্বপ্ন।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার এই বিয়োগান্তক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, কামড় লাগার পরপরই বিথীকে উদ্ধারের চেষ্টা করা হয়। তবে যাতায়াত ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে তাকে যখন সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়, ততক্ষণে সময় অনেকটাই পেরিয়ে গেছে। সকাল ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল সরদার বিথীকে পরীক্ষা-নিরীক্ষা করেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি তাকে মৃত ঘোষণা করেন। বিষের তীব্রতা এবং হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়াÑপ্রাথমিকভাবে এই দুটি বিষয়কেই মৃত্যুর কারণ হিসেবে দেখা হচ্ছে।

“হাসপাতালে যখন তাকে আনা হয়, তখন তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল। আমাদের সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও তাকে ফেরানো সম্ভব হয়নি” Ñবলেন চিকিৎসক ফয়সাল সরদার।

বিথীর মৃত্যুর খবর চন্দনপুর গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দুপুরের দিকে স্বজনরা তার নিথর দেহ নিয়ে বাড়িতে ফেরেন। পরিবারের বড় আদরের মেয়েটিকে এভাবে হারানো মেনে নিতে পারছেন না গ্রামবাসী।

বর্ষা বা স্যাঁতসেঁতে সময়ে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে যায়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে এবং জীবন বাঁচাতে কিছু সতর্কতা জরুরি বলে মন্তব্য করেন চিকিৎসকরা। তারা বলেনÑওঝা বা ঝাড়ফুঁকের ওপর ভরসা না করে সরাসরি নিকটস্থ সদর হাসপাতাল বা যেখানে ‘অ্যান্টিভেনম’ আছে সেখানে নিয়ে যান। আক্রান্ত স্থানটি যতটা সম্ভব কম নাড়াচাড়া করতে হবে।

 

অস্থিরতা রক্তে বিষ দ্রুত ছড়িয়ে দেয়। কামড়ের জায়গার কিছুটা ওপরে কাপড় দিয়ে হালকা করে বাঁধুন, তবে তা যেন রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ না করে দেয়। বাড়ির চারপাশ এবং রান্নাঘরের অন্ধকার কোণগুলো নিয়মিত পরিষ্কার রাখুন। রাতে চলাচলের সময় টর্চলাইট ব্যবহার করুন। বিথীর এই অকাল মৃত্যু আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে, সাপের কামড়ের ক্ষেত্রে সচেতনতা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই জীবন বাঁচানোর একমাত্র উপায়।

 

 

 

 

Ads small one

সাতক্ষীরায় মাদরাসাতু আল-ফুরক্বানের বার্ষিক প্রীতি সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় মাদরাসাতু আল-ফুরক্বানের বার্ষিক প্রীতি সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড

সংবাদদাতা: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক বলেছেন, ইসলামি শিক্ষাব্যবস্থা কোরআনের আলোয় আলোকিত, নৈতিক ও মানবিক মানুষ গড়ার কারখানা। সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও নৈতিকতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা পবিত্র কোরআনের জ্ঞান অর্জনের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করবে। ভবিষ্যতে তারা চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, আলেম ও দক্ষ পেশাজীবী হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা। মাদরাসাতু আল-ফুরক্বান শিক্ষার মানোন্নয়ন, হিফজুল কোরআন ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন জেলা শিল্পকলা একাডেমিতে মাদরাসাতু আল-ফুরক্বানের বার্ষিক প্রীতি সম্মেলন ও ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী, বৃত্তিপ্রাপ্ত ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশে রসুলপুরে অবস্থিত মাদরাসাতু আল-ফুরক্বান হিফজুল কোরআনের পাশাপাশি একাডেমিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।

সরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও নির্লজ্জ দলীয়করণ শুরু করছে: এমপি ইজ্জত উল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
সরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও নির্লজ্জ দলীয়করণ শুরু করছে: এমপি ইজ্জত উল্লাহ

সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জত উল্লাহ বলেছেন, “যারা জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একসময় ক্ষমতা থেকেও ছিটকে পড়ে।”

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের সম্মেলনকক্ষে জেলা জামায়াতের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য তুলে ধরে ইজ্জত উল্লাহ বলেন, সরকার ও রাজনৈতিক দল এক নয়। রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক দলকে একাকার করে ফেললে গণতন্ত্রের পরিবর্তে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয় এবং জবরদখল ও জুলুমের পরিবেশ তৈরি হয়। এভাবে চলতে থাকলে বর্তমান সরকার আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনের অবসানের মধ্য দিয়ে দেশের মানুষ রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তনের যে প্রত্যাশা করেছিল, বর্তমান সরকার তা পূরণ করতে পারছে না। বরং আগের শাসনব্যবস্থার ধারাবাহিকতা দেখা যাচ্ছে। নির্বাচনের আগে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় গিয়ে জনগণকে ভুলে যাওয়ার অভিযোগ করেন তিনি।

সরকারি বরাদ্দ ও উন্নয়ন কার্যক্রমে দলীয়ভাবে ভাগ-বাঁটোয়ারা এবং লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে অনির্বাচিত ব্যক্তিদের প্রভাব বিস্তারের সুযোগ দিয়ে জনগণের অধিকার খর্ব করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ইজ্জত উল্লাহ আরও বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন উপজেলা জামায়াতের আমির, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলার আলাদীপুর গ্রামে বাড়ির পাশের গোবরের গর্তের পানিতে পড়ে স্বাক্ষর শীল নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত স্বাক্ষর শীল মিঠুন শীলের সন্তান। বাড়ির পাশের গোবরের গর্তের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

এ মর্মান্তিক ঘটনা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব আবারও স্মরণ করিয়ে দিয়েছে। বাড়ির আশপাশের পুকুর, গর্ত ও পানিভর্তি স্থান নিরাপদ রাখা এবং শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়া জরুরি।