মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

তালায় বসতভিটা দখল করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
তালায় বসতভিটা দখল করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ

তালা প্রতিনিধি: তালা উপজেলায় তিন পুরুষের বসতভিটা দখল করে ঘরবাড়ি ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর মাছিয়াড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ইউনুচ মোড়ল প্রতিপক্ষের বিরুদ্ধে এই হামলা ও লুটপাটের অভিযোগ তুলেছেন।
ভুক্তভোগী ইউনুচ মোড়ল জানান, পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় ৪ শতক জমির ওপর তাঁদের তিনটি প্রজন্মের বসবাস। এই জমি নিয়ে প্রতিবেশী হযরত আলী মোড়লের সঙ্গে প্রায় আট বছর ধরে আদালতে মামলা চলছে। আজ সকালে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে বেলা ১১টার দিকে হযরত আলী ও তাঁর ছেলে রাসেল মোড়ল দলবল নিয়ে হামলা চালান।
ইউনুচের অভিযোগ, হামলাকারীরা তাঁদের টিন ও টালির ছাউনি দেওয়া চারটি ঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এ সময় তাঁর ঘর থেকে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়। একই সঙ্গে তাঁর ছোট ভাই আকবার মোড়লের ঘর ভেঙে সেখান থেকে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় হামলাকারীরা। বাধা দিতে গেলে তাঁদের বৃদ্ধ মা মোমেনা বেগম (৮০)-কে মারধর করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তবে লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাসেল মোড়ল। তিনি বলেন, “জমিটি আমাদের রেকর্ডভুক্ত। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হয়েছে এবং রায় আমাদের পক্ষে এসেছে। তাঁরা জমি না ছাড়ায় আমরা ঘর ভেঙে দিয়েছি। তবে টাকা বা স্বর্ণ চুরির অভিযোগ ভিত্তিহীন।”
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভাঙচুরের বিষয়টি এখনো পুলিশের জানা নেই। তিনি বলেন, “ভুক্তভোগী কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Ads small one

ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও বিশেষ শিশুদের আনন্দঘন মুহূর্ত উপহার দিতে সাতক্ষীরার ইটাগাছা বাঙালের মোড়ে প্রান্তিক যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী “মেহেদি উৎসব”।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকাল ৪টায় আয়োজিত এ উৎসবে শিশুদের হাতে রঙিন মেহেদি পরিয়ে তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়।

“ছোট্ট হাতে মেহেদির ছোঁয়া, ঈদের আনন্দ হোক সবার চাওয়া” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উৎসবে অংশ নেয় এলাকার বেশ কয়েকজন বিশেষ ও সুবিধাবঞ্চিত শিশু। পুরো আয়োজনজুড়ে শিশুদের হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের হাতে মেহেদি পরানো ও আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, সাধারণ সম্পাদক নুরজাহান খাতুন ময়না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রেয়া সরদার। এছাড়াও সংগঠনের সদস্য অরনা জামান, জারিন তাসনিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিশুদের হাসিমাখা মুখ ও আনন্দঘন পরিবেশ উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। আয়োজকদের মতে, সমাজের প্রতিটি শিশুর মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। তারা মনে করেন, ছোট ছোট মানবিক উদ্যোগ সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

প্রান্তিক যুব সংঘ ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের কল্যাণে এ ধরনের সৃজনশীল ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

সম্পর্কের গল্পে দীঘি ও আবুল হায়াত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
সম্পর্কের গল্পে দীঘি ও আবুল হায়াত

শিশুশিল্পী হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সময়ের সঙ্গে সেই ছোট্ট দীঘি এখন বড় পর্দার নায়িকা। একের পর এক সিনেমায় অভিনয়ের পাশাপাশি এবার দীর্ঘদিন পর নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা গেল তাকে।

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন-এর জনপ্রিয় বিজ্ঞাপনে ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না…’ সংলাপের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন দীঘি। সেই স্মৃতি এখনও অনেকের মনে গেঁথে আছে। এবার নায়িকা হওয়ার পর প্রথমবারের মতো নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন তিনি।

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছে বিডি ইন্টেরিয়র। নির্মাণ করেছেন হিরু খান। বিজ্ঞাপনটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন কিউ জামান।

বিজ্ঞাপনটিতে দীঘির সহশিল্পী হিসেবে রয়েছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। এর আগে শিশু শিল্পী থাকাকালে তার সঙ্গে কাজ করেছিলেন দীঘি। প্রায় ১৬ বছর পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন তারা।

নির্মাতা হিরু খান বলেন, “আবুল হায়াত ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। কাজের বোঝাপড়াও দারুণ। আর দীঘি আমার অনেক কাছের। দুজনকে নিয়েই কাজটা খুব সুন্দরভাবে হয়েছে। মা-বাবা ও মেয়ের সম্পর্কের আবেগঘন গল্প তুলে ধরার চেষ্টা করেছি।”

ক্রিয়েটিভ ডিরেক্টর কিউ জামান জানান, গল্প লেখার সময় থেকেই আবুল হায়াত ও দীঘিকে মাথায় রেখেই পুরো ভাবনাটি তৈরি করা হয়েছিল। তার আশা, ঈদের আবহে বিজ্ঞাপনটি দর্শকদের কাছে নতুন অনুভূতি এনে দেবে।

কাজটি নিয়ে দীঘি বলেন, “এই বিজ্ঞাপনে মূলত সম্পর্কের গল্প বলা হয়েছে। আর সহশিল্পী হিসেবে আবুল হায়াত আঙ্কেলকে পাওয়া আমার জন্য বিশেষ অভিজ্ঞতা। তার সঙ্গে ১৬ বছর পর আবার কাজ করলাম। শিশু শিল্পী হিসেবে আগেও বিজ্ঞাপনে কাজ করেছি, তবে নায়িকা হওয়ার পর এটাই প্রথম। তার মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়।”

সোমবার থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু হয়েছে বিজ্ঞাপনচিত্রটির।

পাটকেলঘাটাই বিষ ট্যাবলেট খেয়ে গৃহবধুর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
পাটকেলঘাটাই বিষ ট্যাবলেট খেয়ে গৃহবধুর আত্মহত্যা

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার পল্লীতে বিষপানে আত্মহত্যা করেছে দুই সন্তানের জননী। মঙ্গলবার সকালে তিনি বিষ ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন।

পরিবারের লোকজন জানতে পেরে তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আত্মহননকারী স্থানীয় সরুলিয়া গ্রামের শ্রীকৃষ্ণের স্ত্রী দুই সন্তানের জননী রুপা (৩০)।

জানা গেছে রুপার বাবার বাড়ি কলারোয়া থানার রায়পুর গ্রামে। তার পিতা শম্ভু মন্ডল মেয়ের মৃত্যুর ঘটনায় অভিযোগ দিয়েছে। পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাহ করার প্রস্তুতি চলছিল।