তালায় বসতভিটা দখল করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ
তালা প্রতিনিধি: তালা উপজেলায় তিন পুরুষের বসতভিটা দখল করে ঘরবাড়ি ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর মাছিয়াড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ইউনুচ মোড়ল প্রতিপক্ষের বিরুদ্ধে এই হামলা ও লুটপাটের অভিযোগ তুলেছেন।
ভুক্তভোগী ইউনুচ মোড়ল জানান, পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় ৪ শতক জমির ওপর তাঁদের তিনটি প্রজন্মের বসবাস। এই জমি নিয়ে প্রতিবেশী হযরত আলী মোড়লের সঙ্গে প্রায় আট বছর ধরে আদালতে মামলা চলছে। আজ সকালে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে বেলা ১১টার দিকে হযরত আলী ও তাঁর ছেলে রাসেল মোড়ল দলবল নিয়ে হামলা চালান।
ইউনুচের অভিযোগ, হামলাকারীরা তাঁদের টিন ও টালির ছাউনি দেওয়া চারটি ঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এ সময় তাঁর ঘর থেকে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়। একই সঙ্গে তাঁর ছোট ভাই আকবার মোড়লের ঘর ভেঙে সেখান থেকে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় হামলাকারীরা। বাধা দিতে গেলে তাঁদের বৃদ্ধ মা মোমেনা বেগম (৮০)-কে মারধর করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তবে লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাসেল মোড়ল। তিনি বলেন, “জমিটি আমাদের রেকর্ডভুক্ত। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হয়েছে এবং রায় আমাদের পক্ষে এসেছে। তাঁরা জমি না ছাড়ায় আমরা ঘর ভেঙে দিয়েছি। তবে টাকা বা স্বর্ণ চুরির অভিযোগ ভিত্তিহীন।”
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভাঙচুরের বিষয়টি এখনো পুলিশের জানা নেই। তিনি বলেন, “ভুক্তভোগী কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”






