আশাশুনিতে মাদক ও ধূমপানমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা
আশাশুনি প্রতিনিধি: জাতীয় যুব দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরার আশাশুনির শোভনালীতে ‘ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং মৌমাছি, সাতক্ষীরার বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
কামালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস। তিনি বলেন, দেশের উন্নয়নে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তরুণদের ধূমপান, তামাক ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে এবং পরিবার ও সমাজে সচেতনতা গড়ে তুলতে হবে।
সভায় বিদ্যালয়ের শিক্ষক পলাশ মণ্ডল, রবিউল ইসলাম, কাটাখালী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মরিয়ম খাতুন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌমাছির পিও প্রশান্ত মিস্ত্রী।












