শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আশাশুনিতে নদী খননের মাটি কেটে বিক্রি, হুমকিতে বাঁধ ও সড়ক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
আশাশুনিতে নদী খননের মাটি কেটে বিক্রি, হুমকিতে বাঁধ ও সড়ক

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বেতনা ও মরিচ্চাপ নদী খননের পর দুই পাশে স্তূপ করে রাখা মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। নওয়াপাড়া ও নৈকাটিসহ বিভিন্ন স্থানে ড্রেজার, ভলগেট ও ট্রলির মাধ্যমে মাটি কেটে অন্যত্র নিয়ে বিক্রি করা হচ্ছে। এতে নদীর পাড় ও বাঁধের নিরাপত্তা এবং সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদী খননের পর উত্তোলিত মাটি দুই পাশে স্তূপ করে রাখা হয়। এসব মাটি নদীর পাড়কে সুরক্ষা দেওয়ার পাশাপাশি বাঁধের মতো কাজ করছে। সম্প্রতি নওয়াপাড়া এলাকায় কয়েকজন ট্রলিচালক এসব মাটি কেটে বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। একইভাবে নৈকাটি সেতুর পূর্ব পাশে শ্মশানঘাটসংলগ্ন প্রায় পাঁচ বিঘা জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সেখানে রবিউল ইসলাম ও তাঁর ভাইয়ের নেতৃত্বে মাটি কাটা হচ্ছে। প্রতি গাড়ি মাটি ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। তবে এসব মাটি কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে নদীর পাড় দুর্বল হয়ে বর্ষা মৌসুমে ভাঙন ও লোকালয়ে পানি প্রবেশের ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে ভারী যানবাহনে মাটি পরিবহনের কারণে ওয়াপদার রাস্তা, নওয়াপাড়া পুরাতন খেয়াঘাটের ইটের রাস্তা এবং মহেশ্বরকাটি-চাপড়া গ্রামীণ সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর উপস্থিতির খবর পেয়ে মাটি কাটার কাজে জড়িত ব্যক্তিরা সরে যান বলে স্থানীয়রা জানান। পরে ইউএনও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং মাটি কাটার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বিষয়টি তদারকির নির্দেশ দেন। কেউ মাটি কাটলে তাঁকে জানানোর জন্যও বলেন।

তবে স্থানীয়দের অভিযোগ, এক দিন বিরতির পর শুক্রবার সরকারি ছুটির দিনে নওয়াপাড়া থেকে আবারও চার ট্রলি মাটি কেটে নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, নদীর মাটি যাতে কেউ কেটে নিতে না পারে এবং সড়ক ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুনরায় মাটি কাটা হলে ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন এলাকাবাসী মাটি কাটা ও বিক্রির বৈধতা যাচাই, নদীর পাড় ও বাঁধের নিরাপত্তা নিশ্চিত এবং সরকারি সড়ক রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন।

Ads small one

মানবতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
মানবতা

মহসিন আলম মুহিন
অন্যের কষ্টে, অন্যের দুঃখে,
কাঁদে মন, কাঁদে প্রাণ, কাঁপন বুকে।
হোক সে প্রিয়, হোক না প্রিয়া,
তারই অশান্তিতে ভেঙে যায় হিয়া।
দেশ বিদেশ বাছ-বিচার নাহি আসে,
মানুষের ব্যথায় আঁখি দুটি শুধু ভাসে।
প্রচন্ড বিপর্যয় শীত, বন্যা-সমস্যায়,
যে মানুষ যা আছে তাই নিয়ে হেথা যায়।
দেখলে যুদ্ধের হিংস্রতা বাড়ায় মমতা,
আহতদের পাশে পাশে থাকে সর্বদা।
মানে না ভেদাভেদ ধর্ম, গোত্র জাতি,
করে না জেদ নিয়ে অযথা মাতামাতি।
মানুষের জন্য মানবিক সদাই ব্যস্ততা,
রক্ত অপছন্দ, দেখায় ভদ্রতা, সততা।
থাকে না চুপ, চঞ্চল, হটায় বিফলতা,
সব ভালো আসে, তাতে জাগে মানবতা।

নিঃশ্বাসে মায়াবী আবাস

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
নিঃশ্বাসে মায়াবী আবাস

বাপী নাগ

কোনো একদিন যদি বোঝো আমার মায়ার কত গভীরতা,
অনুভব হবে কতখানি জুড়ে আছো-অস্তিত্বের তুমি পূর্ণতা।
শুধু হৃদয়ের গভীরে নয়, রেখেছি তোমায় নিঃশ্বাসে,
সয়নে-স্বপনে তোমারই ছবি ভাসে মনের আকাশে।
তোমায় প্রতিটি ক্ষণ দেখতে ইচ্ছে করে, জানি না কী যে হয়.!
তোমার মুখের মায়াবী হাসি দেখলেই এ হৃদয় ভরে যায়।
বিধাতা তোমায় গড়েছেন কী অপরূপ ওই মায়ায়,
আমার দুটি নয়ন সৃষ্টি করেছেন তোমায় দেখার আশায়।
জানো কি তুমি, প্রতিটি প্রভাতে প্রথম তোমাকেই দেখি,
নয়ন মেলে তোমার ছবি দেখে দিনের সূচনা লিখি।
এ কেমন মায়া, এ কেমন টান-বোঝানো যে ভার,
তুমি আছো হৃদয় জুড়ে, এ অনুভব অনিবার্য।
পাওয়া-না-পাওয়ার ঊর্ধ্বে তুমি, অনুভূতির এক ঠিকানা,
তোমায় ঘিরেই বেঁচে থাকাÑএ মায়ার নেই কোনো সীমানা।

পাটকেলঘাটা বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
পাটকেলঘাটা বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেখ জিল্লুর রহমান পাটকেলঘাটা বাজারে গণসংযোগ করেছেন। তিনি জেলা জাসাসের আহ্বায়ক।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনী গণসংযোগের দ্বিতীয় দিনে তিনি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন এলাকায় যান। এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও ভাবনার কথা তুলে ধরেন। গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি, জাসাস ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।