আশাশুনির বিভিন্ন পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং অপরাধীদের যাতায়াত প্রতিরোধে গত ৫ অক্টোবর থেকে এ কার্যক্রম চালানো হচ্ছে।
শুক্রবার (৬ নভেম্বর) আশাশুনি ব্র্যাক অফিস মোড়ে চেকপোস্ট বসানো হয়। এ ছাড়া ডলফিন মোড়, চাপড়া সেতু, মানিকখালী সেতু, কুল্যার মোড়, বুধহাটা বাজার ও গোয়ালডাঙ্গা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পালাক্রমে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। উপজেলার প্রবেশপথগুলোতেও এ কার্যক্রম চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ২৮টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং ২৮টি মামলা করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা এবং মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও ইভ টিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।









