এআই চিপ সংকটে বাড়ছে আইফোনের দাম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে মেমোরি চিপের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পণ্যের মূল্য বাড়ানোর পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মূল্য বৃদ্ধি প্রায় অনিবার্য হয়ে উঠেছে।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে টিম কুক বলেন, মেমোরি চিপের সরবরাহ কমে গেছে অথচ এআই-সক্ষম ডিভাইসের চাহিদা দ্রুত বাড়ছে। ফলে চিপ নির্মাতারা উৎপাদন খরচের চাপ ভোক্তাদের ওপর স্থানান্তর করছে। তিনি বলেন, গ্রাহকদের ওপর বাড়তি চাপ না দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু পরিস্থিতি এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই।
বিশ্লেষকদের মতে, চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ উন্মোচন হতে যাওয়া নতুন আইফোন সিরিজের দামও বাড়তে পারে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার পূর্বাভাস অনুযায়ী, নতুন আইফোনের দাম আগের মডেলের তুলনায় ১৫০ ডলার পর্যন্ত বেশি হতে পারে। এআইভিত্তিক নতুন ফিচার যুক্ত করতে উন্নতমানের মেমোরি ও প্রসেসর ব্যবহারের প্রয়োজন হচ্ছে।
শুধু এআই নয়, ইরান যুদ্ধের প্রভাবে সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত হিলিয়াম গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় চিপের উৎপাদন ব্যয়ও বেড়েছে। ফলে বিশ্বব্যাপী স্মার্টফোন, কম্পিউটার ও গেমিং কনসোলের দাম বেড়েছে।
এর আগে স্যামসাং ইলেকট্রনিক্স মেমোরি চিপ সংকটের কারণে ইলেকট্রনিক পণ্যের দাম বৃদ্ধির ঘোষণা দেয়। একইভাবে সনি গ্রুপ প্লেস্টেশন ৫-এর দাম বাড়িয়েছে এবং নিন্টেন্ডোও বাজার পরিস্থিতির কারণে তাদের নতুন কনসোলের মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে।












