কলারোয়ায় ছোটো ভাইয়ের বসতবাড়ি দখলের চেষ্টা বড়ো ভাইয়ের
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ছোটো ভাইয়ের বসতবাড়ি দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে বড়ো ভাইয়ের বিরুদ্ধে। সোমবার রাত ৯টার দিকে কলারোয়া পৌর সদরের মুরারিকাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছোট ভাই সুভাষ পোদ্দার বাদী হয়ে বড় ভাই গোপাল পোদ্দারের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিবরণে জানা যায়, কলারোয়া পৌর সদরের ৭ নং ওয়ার্ডের মুরারিকাটি গ্রামের হরিপদ পোদ্দারের বড়ো ছেলে গোপাল পোদ্দার পিতার ভিটাবাড়ির পৈত্রিক সম্পত্তি ছোটো ভাই সুভাষ পোদ্দারের নিকট ২০০৭ সালে বিক্রি করে পার্শ্ববর্তীতে ৬নং ওয়ার্ডে বসবাস করে। সম্প্রতি আরও দুই শতক জমি দাবি করে। বিষয়টি নিয়ে স্থানীয় সালিশি বৈঠকে গোপাল পদ্মার কোনো জমি পাবে না বলে শালিসদাররা জানিয়ে দেন এবং উভয় পক্ষের স্বাক্ষরিত একটি চুক্তিনামা হয়।
এরপরও গত ৬ জুলাই রাত ৯ টার দিকে গোপাল পোদ্দার ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে ছোটো ভাইয়ের বসত বাড়িতে গিয়ে মারপিট ও ভাঙচুর শুরু করে এবং বসতবাড়ি দখল করার চেষ্টা চালায়। এ সময় ছোটো ভাই সুভাষ পোদ্দারের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের রক্ষা করে। পরবর্তীতে থানা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দৌড়ে পালিয়ে যায়।
বড়ো ভাই গোপাল পোদ্দার ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, শালিসের বৈঠকে তার নিকট থেকে জোরপূর্বক সই করে নিয়েছিল। আমি ছোটো ভাই সুভাষ পোদ্দারের নিকট দুই শতক জমি পাবো। কিন্তু দেয় না। তাই ওই দিন রাতে দখল নিতে গিয়েছিলাম।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন মঙ্গলবার রাতে সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








