রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কলারোয়া পৌরসভার ঝিকরা জামে মসজিদ চত্বরে ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে এবং যে কোনো ধরনের অপরাধী ও সন্ত্রাসীদের দমনে সুস্পষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি নূর ইসলাম, ফজলুর রহমান, আব্দুর রশিদ ও আজারুল ইসলাম।

Ads small one

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

রোগীদের সঙ্গে মতবিনিময়, সেবার মানোন্নয়নে নির্দেশনা; ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস

তালা প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রবিবার (২৬ জুলাই) সকালে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে পৌঁছে মন্ত্রী প্রথমে রান্নাঘর পরিদর্শন করেন। সেখানে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করতে তিনি খাবার চেখে দেখেন। এরপর মহিলা ও পুরুষ ওয়ার্ড, ওয়াশরুম, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), অফিস কক্ষ এবং চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা পরিদর্শন করেন।

এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং সার্বিক স্বাস্থ্যসেবার মান সম্পর্কে তাদের মতামত নেন। এছাড়া হাসপাতালের পুকুর ও চত্বরের বিভিন্ন অংশ ঘুরে দেখে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে হাসপাতালের সমস্যা, সেবার মান এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন। তিনি হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ওয়াশরুমসহ চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের তদারকির নির্দেশ দেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রমও শুরু হয়েছে। তিনি জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু করা হবে।

তিনি আরও জানান, হাসপাতালটিতে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার (ব্রেস্ট ফিডিং কর্নার) এবং ট্রমা সেন্টার স্থাপন করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিজুল হক (লিটু), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

 

 

এলএলবি শেষ পর্বের পরীক্ষায় সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
এলএলবি শেষ পর্বের পরীক্ষায় সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য

সংবাদদাতা: সদ্য সমাপ্ত এল.এল.বি শেষ পর্বের পরীক্ষায় অভূতপূর্ব ও অভাবনীয় সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীরা। পাশের হার শতকরা ৯৮ ভাগ। তার মধ্যে দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হয়েছে শতকরা ৯৫ ভাগ। এবারের ফলাফলে সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে আইনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ফলাফল একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ছাত্র-ছাত্রীরা তাদের এই অভাবনীয় সাফল্যের জন্য কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান ও কলেজের প্রভাষক মন্ডলীর প্রচেষ্টা এবং কলেজের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতাকেই সাফল্যের কারণ হিসাবে উল্লেখ করেছেন।

সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীদের এই কৃতিত্বে আমরা অত্যন্ত আনন্দিত। এই অর্জন আমাদের আগামী দিনের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমরা বিশ্বাস করি, এভাবেই প্রতিটি ঘরে ঘরে আইন শিক্ষার প্রকৃত আলো ছড়িয়ে পড়বে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এই কলেজ থেকে পাশ করা আইনের গ্র্যাজুয়েটরা বিচার বিভাগ, উচ্চ আদালত ও জজ কোর্টে সফলভাবে আইনজীবী হিসেবে ক্যারিয়ার গড়ছেন।”

সাতক্ষীরা ল কলেজের এ গৌরবোজ্জ্বল সাফল্যে আনন্দিত স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। তারা জানান, সাতক্ষীরা ল কলেজের গর্ভনিং বডির সভাপতি ও সদস্যবৃন্দ, কলেজের প্রিন্সিপাল, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ অসাধারণ অর্জন সম্ভব হয়েছে। সাতক্ষীরা ল কলেজের কৃতি সব শিক্ষার্থী, অভিভাবক এবং অক্লান্ত পরিশ্রমী শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শুভকামনা জানিয়ে শুভাকাঙ্খীরা আশা প্রকাশ করেন, আগামীতেও এ বিদ্যাপীঠ সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখবে। উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাড়ে ৬ শতাধিক আইনজীবীর মধ্যে অর্ধেকাংশ আইনজীবী সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থী ছিলেন।

সাতক্ষীরায় পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-খু-৫৫০) ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন টিটু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।

বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সোবহান খোকন।

সভায় ইউনিয়নের পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। পাশাপাশি বিগত মেয়াদের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, সদস্যদের কল্যাণ, শ্রমিকদের অধিকার, পরিবহন খাতের বিভিন্ন সমস্যা, শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলার বিভিন্ন রুটের পরিবহন শ্রমিক, ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পরিচয়পত্রধারী সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।