কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) কলারোয়ার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হলরুমে ওই কর্মশালার আয়োজন করে ওসাপ বাংলাদেশ। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও দায়িত্বশীল পানি ব্যবহারের বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রশিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ওসাপ বাংলাদেশ-এর ম্যানেজার, ফিল্ড অপারেশন্স মোহাম্মদ খোরশেদ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য রাখেন পৌর নির্বাহী অফিসার তুষার কান্তি দাস। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন কেয়া অধিকারী, সাঈদ আবদুল্লাহ এবং মো. জাহাঙ্গীর আলম।
কর্মশালায় বক্তারা বলেন, স্কুলে নিরাপদ পানি ব্যবহারে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান সম্পর্কে আলোচনা, স্কুলে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার, মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যসচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।









