খাজরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, সরকারি সহায়তা বিতরণে অনিয়ম এবং দীর্ঘ দিন পরিষদে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগে পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে মানববন্ধনসহ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম খাজরা ইউপির ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। সাবেক চেয়ারম্যান পদত্যাগ করার পর থেকে তিনি এ দায়িত্বে রয়েছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে পরিষদে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগকারীদের দাবি। সরকারি বরাদ্দের চাল ও কম্বল বিতরণে অনিয়ম, প্রকল্পের কাজ থেকে কমিশন দাবি এবং কার্যক্রমে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়মিত পরিষদে উপস্থিত না থাকায় জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন প্রশাসনিক সেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খাজরা গ্রামের বাসিন্দা সজিব হোসেন জানান, কোরবানির ঈদের পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পরিষদে দেখা যায়নি। ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিল্লাল হোসেন ও সুজন হোসেনও একই ধরনের অভিযোগ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, “সংবাদ প্রকাশ করে কিছু হবে না, পদ থাকবে।” তবে অন্যান্য অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা তিনি দেননি।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।












