ছায়ার ভেতর একজন
ইউসুফ রেজা
দিনের শেষ আলোর রেখা কমে
আমার আঁধার ধুলো হয়ে নামে।
আমি ক্রমশ বাড়ির দিকে হাঁটি
যেন পৃথিবীর মানচিত্র থেকে
নিজেকে উদ্ধার করতে যাচ্ছি।
পিছনে তাকাই না কখনো
কিন্তু বুঝি আমাকে অনুসরণ করছে
একটি নীরব পদধ্বনি
আমার শ্বাসের সাথে হাঁটে।
তার পকেটে লুকানো আছে
একটি অদৃশ্য অস্ত্র
সম্ভবত ভয়,
সম্ভবত বিরুদ্ধ সময়,
সম্ভবত আমারই আরেকটি মুখ।
রাস্তার হলুদ বাতিগুলো
তামাটে জিজ্ঞাসা ছুঁড়ে দেয়,
আমি প্রতিটি মোড়ের পাশে
নিজেকে একটু একটু বাঁচাই।
আমি থামি সেও থামে
অন্ধকারের ভেতর বসে
হিসাব করে পা ফেলি
যে কোন মুহূর্তে
আমার হৃদয়ের দরজায়
শেষ নক করবে।
এইভাবে আমরা দুজন
একই শরীরের দুই যাত্রী,
একজন বাঁচতে চায়
আরেকজন
ধীরে ধীরে আমাকে হত্যা করতে চায়।
সন্ধ্যা বাড়ে।
রাস্তা ফুরাতে চায় না।
আমি হাঁটি—
আমার নিজের ছায়া নিয়ে
একান্তে ধাওয়া খেতে খেতে।






