জলবায়ু রক্ষায় আশাশুনির শিশু-কিশোরদের ৫ হাজার চারা রোপণ
নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও লোনা পানির আগ্রাসন থেকে উপকূলীয় প্রকৃতিকে রক্ষায় ৫ হাজার চারা রোপণ করেছে আশাশুনির শিশু-কিশোররা। আশাশুনি উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানের উদ্বোধন করে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বলেন, উপকূলের ক্রমবর্ধমান তাপমাত্রা ও লোনা পানির বিস্তার রুখতে বৃক্ষরোপণই সবচেয়ে কার্যকর উপায়। এই চারা রোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং উপকূলকে মরুভূমিকরণ ও অক্সিজেনের ঘাটতি থেকে রক্ষার এক অঙ্গীকার।
কর্মসূচিতে সহায়তায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও। সংস্থাটির প্রকল্প প্রধান শামসুল হক মৃধা জানান, বৈশ্বিক ক্ষতিপূরণের অপেক্ষায় না থেকে স্থানীয় পর্যায়ে এমন অভিযোজনমূলক উদ্যোগ জরুরি।
অনুষ্ঠানে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঝহারুল ইসলাম মুকুল, ক্লাইমেট জাস্টিস ফোরামের যুগ্ম আহ্বায়ক আমিনা বিলকিস ময়না ও শিক্ষক নারায়ন পাল বক্তব্য দেন। শিক্ষার্থীরা জানায়, নিজেদের চারপাশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ নিরাপদ করতেই তারা ফলজ, বনজ ও ঔষধি গাছের এসব চারা রোপণের উদ্যোগ নিয়েছে।








