দেবহাটায় ভূমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা
দেবহাটা প্রতিনিধি: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা (১৯-২১ মে) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা সরকারি বিবিএম ইনস্টিটিউশনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্বে) মাইনুল ইসলাম খান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল সেবা ও বিভিন্ন আইনি বিষয়ে মতবিনিময় করেন। পরে শিক্ষার্থীরা একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রথম স্থান অধিকার করেছে দীপ সরকার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে আহসান ও উজানি মন্ডল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা সরকারি বিবিএম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, শিক্ষক দেবপ্রসাদ ঘোষ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ভূমি অফিসের নাজির প্রদীপ কুমার ঢালী, মিউটেশন সহকারী অমিত কুমার বর ও সার্টিফিকেট পেশকার সচিন সরকার।
এদিকে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এই মেলায় ভূমি উন্নয়ন কর, অর্পিত সম্পত্তি, খাসজমি ও ই-নামজারি সেবার জন্য আলাদা বুথ স্থাপন করা হয়েছে। এসব স্টল থেকে মেলায় আসা নাগরিকদের সরাসরি ও সহজে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।












