পশ্চিমবঙ্গে ৮৭ লাখ ভোটার বাদ, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা
অনলাইন ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে তীব্র রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। নতুন তালিকা থেকে প্রায় ৮৭ লাখ ভোটারের নাম বাদ পড়ায় নির্বাচন প্রক্রিয়া ও গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে।
আজ (১৩ এপ্রিল) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০২৬ সালের নির্বাচনের আগে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা কার্যক্রমের আওতায় রাজ্যের প্রায় ৭ কোটি ৬০ লাখ ভোটারের মধ্যে প্রায় ১২ শতাংশের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬০ লাখের বেশি ভোটারকে অনুপস্থিত বা মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া আরও প্রায় ২৭ লাখ ভোটারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, যাদের বিষয়টি ট্রাইব্যুনালের মাধ্যমে নির্ধারণ করা হবে।এই প্রক্রিয়াকে নির্বাচন কমিশন ‘পরিষ্কার ভোটার তালিকা’ তৈরির উদ্যোগ হিসেবে উল্লেখ করলেও শুরু থেকেই এটি বিতর্কিত হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও নির্বাচন কমিশনের মধ্য তীব্র বিরোধ তৈরি হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে বিপুলসংখ্যক ভোটার বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা রাজনৈতিকভাবে লাভবান করতে পারে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি)। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন ও বিজেপি। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যও বিতর্ক উসকে দিয়েছে। নির্বাচনী প্রচারে তিনি ‘অবৈধ অনুপ্রবেশকারী’ শনাক্ত করার প্রসঙ্গ তুলেছেন, যা টিএমসি বলছে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বলা হয়েছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ভোটারের ভোটাধিকার, যাদের বিষয়টি এখনো নিষ্পত্তির অপেক্ষায়। ভারতের সর্বোচ্চ আদালত নির্বাচন স্থগিত না করে নির্ধারিত সময়েই ভোটগ্রহণের অনুমতি দেওয়ায়, এসব ভোটার আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা অনিশ্চিত হয়ে পড়েছে।












