পাইকগাছায় অপহরণের ৩৬ ঘণ্টার মধ্যে দুই ব্যবসায়ী উদ্ধার, আটক ২
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় অপহরণের ৩৬ ঘণ্টার মধ্যে দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের পরিকল্পনাকারীসহ দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পাইকগাছা পৌর সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে গোপালপুর গ্রামের নওয়াব আলী সরদারের ছেলে ব্যবসায়ী সেকেন্দার আলী ও তাঁর সহকর্মী রাজ্জাক আলীকে কৌশলে অপহরণ করে যশোরের নওয়াপাড়ায় নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তাঁদের আটকে রেখে মারধর করা হয় এবং ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ২০ লাখ টাকা দিতে রাজি হলে সেকেন্দারকে পরিবারের কাছে ফোন করে টাকা আনতে বলা হয়।
এদিকে, সেকেন্দারের স্ত্রী নাজমা বেগম বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় অভিযান শুরু করে পুলিশ।
শুক্রবার রাতে যশোরের নওয়াপাড়া থেকে দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। একই রাতে খুলনার সোনাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণের পরিকল্পনাকারী রিপন খান ও তাঁর সহযোগী শরীফ শেখকে আটক করা হয়। রিপন অভয়নগর থানার ইয়াহিয়া খানের ছেলে এবং শরীফ একই এলাকার মোন্তাজ শেখের ছেলে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।












