পাটকেলঘাটায় আইনজীবীর চেম্বারে হামলা মামলার তিন আসামি কারাগারে
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় আইনজীবী অ্যাডভোকেট কবির আহমেদের চেম্বারে হামলা ও ভাঙচুরের মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর এক আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে পাটকেলঘাটা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সংলগ্ন কবির আহমেদের চেম্বারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সিআইডির উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম গত ২০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে আদালতে হাজির না হওয়ায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরে ইজাজুল ইসলাম (৩২), মো. হানিফ সরদার (৪৮), আলশাহরিয়ার সুমন (২৫) ও ফরিদ আহমেদ বিশ্বাস (৭৫) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তনিমা মণ্ডল তনি ফরিদ আহমেদ বিশ্বাসের জামিন মঞ্জুর করেন এবং অপর তিন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষে শুনানি করেন সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুহা. আব্দুল মজিদ।












