বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

পাটকেলঘাটায় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
পাটকেলঘাটায় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যের মতবিনিময়

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা ও কলারোয়া উপজেলার চলমান বিদ্যুৎ পরিস্থিতি ও গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। শনিবার (২ মে) সন্ধ্যায় পাটকেলঘাটায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আজিজুর রহমান সরকার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বলেন, ‘তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে। এতে কিছু এলাকায় সাময়িক সমস্যা দেখা দিলেও তা দ্রুত সমাধানে কাজ চলছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে।’
সভায় তালা ও কলারোয়া উপজেলার লোডশেডিং পরিস্থিতি, অতিরিক্ত লোড মোকাবিলা, ট্রান্সফরমারের সক্ষমতা বৃদ্ধি এবং ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামতের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদ সদস্য গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও সেবার মান বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সাফ জানিয়ে দেন, কোথাও লাইনের ত্রুটি দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সভায় জানান, সেবার মান ঠিক রাখতে তাঁরা নিরলস কাজ করছেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত থেকে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরেন। কর্মকর্তারা এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Ads small one

আশাশুনি ও কলারোয়ায় ইয়াবাসহ ইউপি সদস্যসহ ৫ জন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
আশাশুনি ও কলারোয়ায় ইয়াবাসহ ইউপি সদস্যসহ ৫ জন আটক

আশাশুনি/কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে আটক হয়েছে এক ইউপি সদস্য ও তার দুই সহযোগী। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

আটকৃতদের হলো: চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মো. আজিজার গাইনের ছেলে ইউপি সদস্য মো. শাহানুর ইসলাম (৪৮), একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. সাইফুর রহমান (৩০) এবং পার্শ্ববর্তী শার্শা থানার কায়বা গ্রামের মৃত ফজের আলীর ছেলে মো. রাজু আহম্মেদ (২৯)।

কলারোয়া থানা সূত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের ইউপি সদস্য শাহানুর রহমানের বাড়িতে মাদক সেবন ও বেচাকেনা হচ্ছে। এ সময় কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জব্দ করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামিদের সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্তসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-বুধহাটা বাজার এলাকার মো.নাছের আলী সরদারের ছেলে আজাহারুল (জিআর নং-৩৪/২৩) মামলায় বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং আশাশুনির আরার গ্রামের লুৎফর রহমান সরদারের ছেলে মো.আজাহারুল ইসলাম (৩৪) (জিআর নং-১০৯/২০২৩) মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার পুলিশি প্রহরায় আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আশাশুনি থানা পুলিশ।

বহেরা এ.টি.মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
বহেরা এ.টি.মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবগঠিত সভাপতি এড. জাহাঙ্গীর কবির বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় বিদ্যালয়ের শ্রেণি কক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান এর সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামান এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পাল, সূবর্ণবাদ সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান, বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম, টাউন শ্রীপুর এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও প্রেসক্লাবে সদস্য রুহুল আমিন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু।

এসময় আরো উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা গোলাম রসুল খোকন, রুহুল আমিন, মুশফিকুর রহমান, যুবদল নেতা হোসেন আলী, ক্রীড়া শিক্ষক রফিক-উল-ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির ও শিক্ষক রুবেল হোসেন প্রমুখ।

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যার পর অসুস্থতাজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদার আশাশুনি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে রাতেই তার মরদেহ দেবহাটা উপজেলার বহেরা গ্রামের পৈতৃক বাসভবনে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বহেরা বাজারে মরহুমের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, কুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর মোহাম্মদ, ডেপুটি কমান্ডার জামাত আলীসহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে সাতক্ষীরা পুলিশ লাইনের এসআই (সশস্ত্র) মনিরুজ্জামানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারকে গার্ড অব অনার প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদার বহেরা গ্রামের মৃত শামসুল হক সর্দারের ছেলে। রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।