বাঁকা বাজারে অভিযানে ১২৪ পিস ইয়াবাসহ মা-ছেলে আটক
রাড়ুলি (পাইকগাছ-খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার বাঁকা বাজারে পুলিশি অভিযানে ১২৪ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে রাড়ুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমদাদুল হকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন সালেহা আক্তার (৩৮) ও তাঁর ছেলে জুয়েল (২৫)। তাঁদের বাড়ি তালা উপজেলার কানাইদি গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁকা বাজারের একটি মুদি দোকানে তল্লাশি চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়। পরে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদক কারবারের কারণে তরুণ ও শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে এবং চুরিসহ নানা সামাজিক অপরাধ বাড়ছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।









