ভোমরা দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল
পত্রদূত ডেস্ক: ভারত থেকে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশের গুঞ্জনকে কেন্দ্র করে সাতক্ষীরায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ খবরের প্রতিবাদ এবং সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের আহ্বান জানিয়ে মশাল মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপন।
বক্তারা বলেন, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শেখ হাসিনার দেশে প্রবেশের একটি খবর তাঁদের নজরে এসেছে। তবে এ খবরের সত্যতা নিয়ে কোনো নিশ্চিত তথ্য উল্লেখ না করেই তাঁরা এর প্রতিবাদে কর্মসূচি পালন করেছেন। তাঁরা বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। এ বিষয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।






