মাদক: কী হচ্ছে, আর হচ্ছে না/ সচ্চিদানন্দ দে সদয়
সচ্চিদানন্দ দে সদয়
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী, মেয়ে ও ১২ বছরের ছেলেকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া তথ্য আমাদের সামনে মাদকের ভয়াবহতার একটি নির্মম ছবি তুলে ধরেছে। পুলিশের দাবি, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকা-ের সূত্রপাত; পরে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি নিছক একটি হত্যাকা- নয়। এর ভেতরে রয়েছে আরও বড় একটি প্রশ্নÑমাদকের বিরুদ্ধে এত অভিযান, এত গ্রেপ্তার, এত প্রচার-প্রচারণার পরও মাদক কেন কমছে না? আমরা কী করছি, আর কী করছি নাÑএই দুই প্রশ্নের মুখোমুখি হওয়ার সময় এসেছে।
মাদকের বিরুদ্ধে অভিযান হচ্ছে। মাদক উদ্ধার হচ্ছে। মামলা হচ্ছে। গ্রেপ্তার হচ্ছে। কিন্তু একই সঙ্গে মাদকও ছড়িয়ে পড়ছে। অর্থাৎ আমরা হয়তো মাদকের দৃশ্যমান অংশটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এর গভীর শিকড়ে যথেষ্ট আঘাত করতে পারছি না। সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যেও মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজনীয়তার বিষয়টি স্পষ্ট। অধিদপ্তরের প্রকাশিত তথ্যে দেখা যায়, ২০২৫ সালে সরকারি-বেসরকারি চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে উল্লেখ যোগ্য সংখ্যক মানুষ সেবা নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মাদকাসক্তকে চিকিৎসার আওতায় আনার পাশাপাশি তাকে মাদক সরবরাহকারী ব্যক্তির কাছ থেকে বিচ্ছিন্ন করা যাচ্ছে কি না। যদি না যায়, তাহলে চিকিৎসা শেষে সে আবার একই পরিবেশে ফিরে গিয়ে পুনরায় মাদকে জড়িয়ে পড়তে পারে।
মাদকের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সম্ভবত এখানেইÑআমরা অনেক সময় মাদকসেবীকে দেখি, কিন্তু মাদকের ব্যবসাকে দেখি না।একজন তরুণ কোথা থেকে ইয়াবা পেল? কে তাকে দিল? কে বিক্রি করল? সেই বিক্রেতার পেছনে কে? মাদক পরিবহনের সঙ্গে কারা যুক্ত? অর্থের লেনদেন কোথায় হচ্ছে? এসব প্রশ্নের উত্তর খোঁজা ছাড়া মাদকের বিরুদ্ধে লড়াই অসম্পূর্ণ থেকে যাবে। আরেকটি বিষয়ও ভাবতে হবে। মাদক এখন শুধু কোনো নির্দিষ্ট শ্রেণি বা বয়সের মানুষের সমস্যা নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রÑসব জায়গায় এর ঝুঁকি রয়েছে। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের সঙ্গে মাদক কেনাবেচার পদ্ধতিও বদলাচ্ছে। ফলে পুরোনো পদ্ধতিতে নতুন মাদকের বাজার মোকাবিলা করা কঠিন। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দায়িত্ব দিয়ে বসে থাকলেও চলবে না।
পরিবারকে জানতে হবে সন্তানের বন্ধু কারা, সে কোথায় যায়, আচরণে হঠাৎ পরিবর্তন হচ্ছে কি না। শিক্ষা প্রতিষ্ঠানকে শুধু পরীক্ষার ফল নিয়ে ব্যস্ত থাকলে হবে না; শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, হতাশা, একাকিত্ব ও ঝুঁকিপূর্ণ বন্ধুত্বের বিষয়েও নজর দিতে হবে। তবে এখানে একটি সতর্কতাও জরুরি। মাদকাসক্ত মানুষকে শুধু ‘অপরাধী’ হিসেবে দেখলে সমস্যার সমাধান হবে না। কেউ যদি আসক্ত হয়ে পড়ে, তাকে চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসনের সুযোগ দিতে হবে। একই সঙ্গে যারা মাদককে ব্যবসা হিসেবে চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর আইন প্রয়োগ করতে হবে। রংপুরের হত্যাকা- আমাদের আরও ভয়াবহ একটি বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে।
পুলিশের বর্ণনা অনুযায়ী, হত্যার পরও অভিযুক্তরা ওই বাড়িতে অবস্থান করে, প্রমাণ নষ্ট ও ঘটনাকে ডাকাতি হিসেবে দেখানোর চেষ্টা করে। অর্থাৎ বিষয়টি শুধু নেশাগ্রস্ততার নয়; এর সঙ্গে অপরাধবোধের অবক্ষয়, ঝুঁকি নেওয়ার প্রবণতা এবং অপরাধ আড়াল করার মানসিকতাও যুক্ত হতে পারে। অবশ্যই একটি নির্দিষ্ট মামলার অভিযুক্তদের আচরণ দিয়ে সব মাদকসেবীকে বিচার করা যাবে না। কিন্তু ঘটনাটি আমাদের সতর্ক করেÑমাদকের সঙ্গে যখন অপরাধী মানসিকতা যুক্ত হয়, তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তাই এখন প্রশ্ন হওয়া উচিতÑআমরা কি শুধু মাদক ধরছি, নাকি মাদকের বাজারও ভাঙছি? আমরা কি শুধু অভিযান পরিচালনা করছি, নাকি সীমান্ত ও সরবরাহ পথ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করছি? আমরা কি শুধু মাদকসেবীকে গ্রেপ্তার করছি, নাকি বড় কারবারিদের অর্থনৈতিক নেটওয়ার্ক শনাক্ত করছি? আমরা কি শুধু মাদকবিরোধী সভা করছি, নাকি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর প্রতিরোধব্যবস্থা তৈরি করছি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নÑমাদকাসক্ত একজন মানুষকে আমরা ফিরিয়ে আনতে পারছি কি?
মাদকের বিরুদ্ধে সফলতা শুধু কত কেজি মাদক উদ্ধার হলো বা কতজন গ্রেপ্তার হলোÑএই হিসাব দিয়ে মাপা উচিত নয়। সফলতার আসল মাপকাঠি হলো, নতুন কতজন তরুণ মাদকে জড়াল না, কতজন আসক্ত মানুষ সুস্থ জীবনে ফিরল এবং মাদকের ব্যবসার বড় নেটওয়ার্ক কতটা দুর্বল হলো। রংপুরের চারটি প্রাণের মর্মান্তিক পরিণতি তাই আমাদের জন্য শুধু শোকের বিষয় নয়, সতর্ক হওয়ারও সময়। মাদককে ‘ছোটখাটো সামাজিক সমস্যা’ হিসেবে দেখার সুযোগ নেই। এটি পরিবার ভাঙে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে, অপরাধ বাড়ায় এবং শেষ পর্যন্ত মানুষের জীবন কেড়ে নিতে পারে। এখন প্রয়োজন মাদকের বিরুদ্ধে বিচ্ছিন্ন অভিযান নয়, সমন্বিত সামাজিক আন্দোলন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সীমান্তরক্ষী বাহিনী, স্বাস্থ্য বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও স্থানীয় সমাজÑসবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে তাই আমাদের নতুন করে হিসাব করতে হবেÑকী করছি, কী হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, কী হচ্ছে না। কারণ মাদক কমছে না, অথচ আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। আজ যে তরুণটি মাদকের প্রথম ট্যাবলেটটি হাতে নিচ্ছে, তাকে থামানোর সুযোগ হয়তো এটাই শেষ সুযোগ। আগামীকাল সেই সুযোগ আর নাও থাকতে পারে। লেখক: সংবাদকর্মী












