মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

লাবসা উপ-স্বাস্থ্য কেন্দ্রে টিআইবি-সনাকের অধিপরামর্শ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
লাবসা উপ-স্বাস্থ্য কেন্দ্রে টিআইবি-সনাকের অধিপরামর্শ

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় সনাক কর্তৃক উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে লাবসা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নকল্প বিষয় নিয়ে একটি অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। বিশেষ করে ঔষধের প্রাপ্যতা বৃদ্ধি, স্বাস্থ্য কেন্দ্রের পরিচ্ছন্নতার উন্নতি এবং চাহিদা অনুযায়ী ভবন সংস্কারের বরাদ্দ প্রাপ্তির বিষয়গুলো ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়।

এছাড়াও কেন্দ্রটির সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। এর মধ্যে রয়েছেÑসপ্তাহে অন্তত একদিন মেডিকেল অফিসারের উপস্থিতি নিশ্চিত করা, তথ্য বোর্ডে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ রাখা, রোগীদের জন্য জেন্ডার-বান্ধব টয়লেটের ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করা, মেইন গেট নির্মাণ এবং রোগীদের জন্য প্রেসার ও ডায়াবেটিস পরিমাপের যন্ত্র ও সেবা চালু করা। এসব বিষয়ে কার্যকর সমাধান নিশ্চিত করতে পরিকল্পনা ও কর্ম-কৌশল নির্ধারণ করা হয়।

সাতক্ষীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফরহাদ জামিল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক ডা. সুশান্ত কুমার ঘোষ। আলোচনায় অংশগ্রহণ করেন পরিসংখ্যানবিদ সাব্বির সালেহীন, শেখ মহিবুর রহমান (এম.টি.ই.পি.আই), সনাক স্বাস্থ্য বিষয়ক উপকমিটির যুগ্ম-আহ্বায়ক ভারতেশ্বরী বিশ্বাস ও কল্যাণ ব্যানার্জি এবং লাবসা এসিজি’র সদস্য ইয়াসমিন নাহার ও সাপিয়া খাতুনসহ অন্যান্যরা।

সভাপতি তার বক্তব্যে বলেন, বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও লাবসা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রটি কমিউনিটির মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আলোচনায় উত্থাপিত বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। প্রেসবিজ্ঞপ্তি

 

 

Ads small one

৪ দিনে সৌদি গেলেন ১৮৪৮৯ জন বাংলাদেশি হজযাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
৪ দিনে সৌদি গেলেন ১৮৪৮৯ জন বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশে হজযাত্রার প্রথম ৪ দিনে বাংলাদেশ থেকে মোট ১৮ হাজার ৪৮৯ জন দেশটিতে পৌঁছেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৭ হাজার ১৮ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৬৩৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৮৩৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বাকি হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানান পরিচালক মো. লোকমান হোসেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ পরিচালনার দায়িত্বে রয়েছে। তার মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, চলবে ১ জুলাই পর্যন্ত।

দেশে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
দেশে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’

 

টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া পরিস্থিতি। আগামী ২৬-২৭ এপ্রিল থেকে দেশজুড়ে শক্তিশালী একটি ‘বৃষ্টি বলয়’ সক্রিয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি বলয়টি ২৬ বা ২৭ এপ্রিল শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে এবং এটি ৭ বা ৮ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত বিরতিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউওটি সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এসব পূর্বাভাস দিয়েছে। বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি শক্তিশালী হতে পারে সিলেট বিভাগে। সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে এটি অধিক সক্রিয় থাকার সম্ভাবনা আছে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে কেবল বৃষ্টিই নয়, দেশের বেশ কিছু জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত হতে পারে, যা প্রাণহানির ঝুঁকি বাড়াতে পারে। তাই এই সময়ে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে বৃষ্টি বলয়টি সক্রিয় হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আগামী ২৫ বা ২৬ এপ্রিল পর্যন্ত দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে মে মাসের শুরুতে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ তলুইগাছা, মাদরা ও বৈকারী বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঔষধ, শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার নটিজঙ্গল হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী হতে ৬ লাখ ৩৯ হাজার ২০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে ।

এছাড়াও, বৈকারী বিওপির আভিযানে সদর থানার নতুন পাড়া হতে ১৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৭ লাখ ৯৪ হাজার ২০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।