বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

শার্শায় পরীক্ষার্থীকে অনৈতিক সহযোগিতার অভিযোগে প্রধান শিক্ষক ও আয়া আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
শার্শায় পরীক্ষার্থীকে অনৈতিক সহযোগিতার অভিযোগে প্রধান শিক্ষক ও আয়া আটক

এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের শার্শার বাঁগআচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীকে অনৈতিক সহযোগিতা করার অভিযোগে প্রধান শিক্ষক ও আয়াকে আটক করা হয়েছে।

 

এব্যাপারে শুক্রবার দিবাগত গভীর রাতে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান বাদি হয়ে শার্শা থানায় একটি মামলা করেছেন। আটককৃতরা হলেন, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন ও চতুর্থ শ্রেণীর কর্মচারী (আয়া) ফাতেমা খাতুন। আটককৃতদের শার্শা থানা হেফাজতে রাখা হয়েছে।

শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান জানান, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন এর মেয়ে অহনা খাতুন চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ৩০১ নং রুমে পরীক্ষা দিচ্ছে।

 

অহনা ঝিকরগাছার বিকেএস কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন এর নির্দেশে ঐ প্রতিষ্ঠানের আয়া ফাতেমা খাতুন ২৮ এপ্রিলে অনুষ্টিত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার পর গোপনে তার মেয়ের উত্তরপত্র ঠিক করে দেওয়ার চেষ্টা করেন। এমন অভিযোগের পেক্ষিতে শার্শা উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে। তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় শার্শা উপজেলা প্রশাসন অভিযুক্ত ঐ দু’জনকে আটক করে।

একডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান আরো বলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাটি তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ঘটনার সাথে যুক্ত ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত আড়াইটার দিকে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

শার্শা থানার ওসি মারুফ হাসান বলেন, এ ব্যাপারে শার্শা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আটকদেরকে আজ শনিবার আদালত পাঠানো হয়েছে।

 

 

 

 

Ads small one

কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের জয়

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচে সুলতানপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে স্বাগতিক কেঁড়াগাছি।

গত বুধবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে ‘সোনা মাটি যুব সংঘ’ এ ম্যাচের আয়োজন করে। খেলার প্রথমার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও কোনো দলই গোল করতে পারেনি।

বিরতির পর খেলার ১১ মিনিটে কেঁড়াগাছির ৯ নম্বর জার্সির খেলোয়াড় রিপন গোল করে দলকে এগিয়ে নেন। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সজিব। ২১ মিনিটে সুলতানপুরের ইসরাফিল একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে কেঁড়াগাছি।

 

ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আবু হাসান। শরতের বিকেলে প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন।

বসুন্ধরা মার্কেট মালিকদের ক্ষতিপূরণ স্থগিতে হাইকোর্টে রিট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
বসুন্ধরা মার্কেট মালিকদের ক্ষতিপূরণ স্থগিতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মার্কেট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও অবকাঠামোর ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। দক্ষিণ পলাশপোলের বাসিন্দা মো. আলিফ হোসেনের পক্ষে আইনজীবী মো. ইয়ারুল ইসলাম এ রিট (পিটিশন নম্বর-১২৭৭৮/২০২৬) দায়ের করেন।

এর আগে গত ২ আগস্ট একই বিষয়ে আলিফ হোসেনসহ ১২ জন বাদী হয়ে মার্কেট মালিকপক্ষের এমদাদুল হকসহ ২১ জনকে বিবাদী করে সাতক্ষীরার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা (নম্বর-১৮০/২০২৬) করেন।

নথি সূত্রে জানা গেছে, ‘সাতক্ষীরা-সখিপুর-কালিগঞ্জ এবং কালিগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় পলাশপোল মৌজার বিআরএস ১৭০২৮ দাগের জমি অধিগ্রহণ করা হয় (এলএ কেস নম্বর-০৬/২০২৪-২৫)। এতে অধিগ্রহণকৃত ০.০৫৯০ একর জমির ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ২৪ লাখ ৬৬৬ টাকা এবং অবকাঠামো বাবদ ১২ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৯০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, অধিগ্রহণ করা জমির মধ্যে তাঁদের ০.০৩৮৬ একর জমি রয়েছে। বিবাদীপক্ষ জমির ক্ষতিপূরণ দিতে সম্মত হলেও সেখানে থাকা তাঁদের তিনটি পাকা দোকানঘর ও অবকাঠামোর ক্ষতিপূরণের টাকা ভাগ করে দিতে চাচ্ছে না।

রিটকারী আলিফ হোসেন বলেন, বসুন্ধরা মার্কেট ভবন নির্মাণে নকশা ও বিল্ডিং কোড লঙ্ঘন করা হয়েছে। পৌরসভার মাপেও বিষয়টি প্রমাণিত হলেও নকশা বাতিল বা মামলা করা হয়নি। তা ছাড়া তাঁদের এজমালি জমি একতরফা দখল দেখিয়ে বিবাদীপক্ষ পুরো ক্ষতিপূরণ তোলার চেষ্টা করছে।
অন্যদিকে বিবাদী দিদারুল হক বলেন, ১৭০২৮ দাগে মোট ০.৩৭৫০ একর জমি তাঁদের আট শরিকের মধ্যে সমভাবে বন্টিত। সবাই নিজ নিজ অংশে দখলদার হয়ে দোকানপাট করেছেন। সরকারি মূল্যায়নে সবার ক্ষতিপূরণ আলাদা করা আছে। কিন্তু যৌথ নোটিশ হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

রিটকারীর আইনজীবী মো. ইয়ারুল ইসলাম জানান, মক্কেলদের জমির ক্ষতিপূরণ বিবাদীপক্ষ জোরপূর্বক নেওয়ার চেষ্টা করায় তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত যে রায় দেবেন, তা মেনে নেওয়া হবে।

এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আলী হায়দার জানান, তিনি নতুন যোগ দেওয়ায় বিষয়টি বিস্তারিত জেনে মন্তব্য করবেন।

সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: মন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: মন্ত্রী

পত্রদূত ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ জন্য দেশের অনাবাদি ও পতিত জমি কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বুধবার খুলনার শিরোমণিতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে নির্মিত এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সাধারণ নাগরিকেরা সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করলে সরকার তাঁদের প্রণোদনা হিসেবে মাত্র এক শতাংশ সুদে ঋণ দেবে। এর পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনে নেবে। এ উদ্যোগের সুফল সবার কাছে পৌঁছাতে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিল্পনগরী খুলনার সরকারি ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ক্যাবল শিল্প লিমিটেড সুনামের সঙ্গে চলছে। তাদের নিজস্ব সোলার প্লান্টটি বিদ্যুৎ খাতে বড় অবদান রাখবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।

 

অনুষ্ঠানে ক্যাবল শিল্প লিমিটেডের মহাব্যবস্থাপক মো. এনামুল হক, সিবিএর সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।