শ্যামনগরে অধিকার ও অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত
নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরের মুন্সিগঞ্জে ‘অধিকার ও অ্যাডভোকেসি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটেছে। খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর ‘শক্তি’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সংস্থাটির শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। এ সময় প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ এবং প্রশিক্ষণার্থী হিসেবে যুব ও নারী-পুরুষ দলের ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মৌলিক অধিকার, অ্যাডভোকেসি, জেন্ডার সমতা এবং নানা সামাজিক ইস্যুতে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন এরিয়া ম্যানেজার নিলীমা রানী।
সমাপনী পর্বে বক্তারা জানান, সামাজিক অগ্রগতি ও স্থানীয় সমস্যা সমাধানের জন্য নিজেদের অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। প্রাপ্ত শিক্ষা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজ নিজ এলাকায় জলাবদ্ধতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে কার্যকর অ্যাডভোকেসি চালাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।












