শ্যামনগরে গর্ভবতী মায়েদের এমএমএস ট্যাবলেট বিতরণ শুরু
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়েদের জন্য এমএমএস (মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস) ট্যাবলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ইউনিসেফের সহযোগিতায় এইচএনএসআইএসএসপি প্রকল্পের আওতায় এ কর্মসূচির সূচনা করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন ইউনিসেফের ন্যাশনাল কনসালট্যান্ট ফারজানা আক্তার।
জানা গেছে, নিবন্ধিত গর্ভবতী মায়েরা এএনসি চেকআপের পর ১৮০টি ট্যাবলেটের ১টি কৌটা পাবেন, যা প্রতিদিন ১টি করে সেবন করতে হবে। ১৫টি অতি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ এ ট্যাবলেট গর্ভকালীন রক্তস্বল্পতা ও অপপুষ্টি দূর করার পাশাপাশি অকালপ্রসব ও শিশু মৃত্যুর ঝুঁকি কমাবে। প্রাথমিক পর্যায়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দেবীপুর ও পূর্ব কালিনগর কমিউনিটি ক্লিনিক থেকে এ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফের কর্মকর্তা শারমিন আক্তার, দেবীপুর ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ এবং জমিদাতা রাজেন্দ্র ম-ল।









