বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার সুরক্ষা ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার মুন্সিগঞ্জে অবস্থিত সুশীলন টাইগার পয়েন্টে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা ও সুশীলনের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, ভূমিহীনদের মধ্যে খাসজমি বরাদ্দ, নিরাপদ ও সুপেয় পানির সংকট নিরসন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তি, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমাণ ও সুযোগ বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর সমন্বয় জোরদারসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ মুন্ডা সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, ভূমিহীনদের মধ্যে খাসজমি বরাদ্দ, সুপেয় পানির সংকট নিরসন এবং শিক্ষার্থীদের উপবৃত্তি নিশ্চিতকরণসহ উত্থাপিত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, সুশীলনের কর্মকর্তা মনিরুজ্জামান মনির প্রমুখ।

মতবিনিময় সভায় মুন্ডা সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন রাম প্রসাদ মুন্ডা, গোপাল মুন্ডা, চম্পা মুন্ডা, বিথিকা মুন্ডা, নিলিমা মুন্ডা, অনুপ মুন্ডা ও তাপস কুমার প্রমুখ।

Ads small one

কয়রায় হরিণের মাংস, চামড়া ও দেহাংশ জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
কয়রায় হরিণের মাংস, চামড়া ও দেহাংশ জব্দ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় অভিযান চালিয়ে হরিণের মাংস, চামড়া ও অন্যান্য দেহাংশ জব্দ করেছে কোস্ট গার্ড। ২২ অক্টোবর সকালে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল উপজেলার গোলখালীর সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা এসব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মাহবুবুল আলম জানান, আদালতের নির্দেশে জব্দকৃত হরিণের মাংস ও দেহাংশ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভারতের কারাগারে সাজা শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি যুবক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
ভারতের কারাগারে সাজা শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি যুবক

বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতের জম্মু-কাশ্মীরের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ছয়জন বাংলাদেশি যুবক। ২২ অক্টোবর বিকেলে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে তাঁদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

 

ফেরত আসা যুবকরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে জম্মু-কাশ্মিরে বসবাস করছিলেন এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত হন। ডিস্ট্রিক্ট কারাগারে কারাভোগ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের ফেরত পাঠায়।

 

তাঁরা হলেন মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল সবুর, মোহাম্মদ সাব্বির ইসলাম ও মোহাম্মদ হাফিজুর রহমান। তাঁদের বাড়ি বগুড়া, গাজীপুর, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলায়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের গ্রহণ করে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরায় ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের মাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের মাসিক সভা

নিজস্ব প্রতিনিধি: উত্তরণের ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেংদেনিং’ (ডিএইচআরএনএস) প্রকল্পের আওতায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় সাতক্ষীরায় ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উত্তরণ আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের শুরুতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সমন্বয়কারী টিপু সুলতানের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে নেটওয়ার্কের সদস্যসচিব অ্যাডভোকেট মুনিরুদ্দীন বিগত সেপ্টেম্বর মাসের মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার প্রতিবেদন উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন স্থানে হত্যা, নির্যাতন, শিশুশ্রম, জমি জবরদখলসহ সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

 

সভায় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাধব চন্দ্র দত্ত, কমিটির সদস্য ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক এলাহী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আগাদ হোসেন বেলাল, দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক এম কামরুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, চ্যানেল ২৪-এর সাংবাদিক আমিনা বিলকিস ময়না, জেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আীরনুর খান বাবুল, অধ্যাপক ইদ্রিস আলী, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, অ্যাডভোকেট রঘুনাথ মণ্ডল, অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান মধু এবং যুব এইচআরডি নেটওয়ার্কের আহ্বায়ক সালাউদ্দীন রানা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্যসচিব অ্যাডভোকেট মুনিরুদ্দীন।