শ্যামনগরে প্রতিমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তে বিএনপি নেতার অসন্তোষ
সংবাদদাতা: প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক বিএনপি নেতা। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই নেতার নাম আদম আলী। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সদস্য।
সম্প্রতি ঢাকায় একটি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শন ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তিনি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন। এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আদম আলী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, যেখানে তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। ওই পোস্টের মন্তব্যের ঘরে মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলও নিজের মতামত তুলে ধরেন।
দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে এমন অসন্তোষ প্রকাশ করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, দল যখন শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন এ ধরনের প্রকাশ্য মন্তব্য সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এ বিষয়ে বক্তব্য জানার জন্য আদম আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।








