সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল ২০২৬) সকাল ০৮:৩০ ঘটিকার সময় সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ এবং প্যারেড পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন এবং জেলায় ব্যবহৃত যানবাহনসমূহ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, মাস্টার প্যারেড হলো শৃঙ্খলার একটা অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন বা বিনষ্ট হয় এমন আচরণ থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই। ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি অন্যান্য সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, সরকারি মালামালের হেফাজত করা, ফেসবুক তথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়া, জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), মোঃ বায়েজীদ ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল), মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মোঃ ইমরান খান সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

Ads small one

তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ

৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে মামলা, সেই মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তানজিন তিশাকে আদালতে আগামী ২৩ নভেম্বর হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।’

মামলায় অভিযোগ করা হয়, সানায়া আনাম ওয়াফিকাহ গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেন। মামলার পর তানজিন তিশা বিভিন্ন সময় মামলা প্রত্যাহারে হুমকি দেন। সানায়া আনামের যেকোনও ধরনের ক্ষতি করারও হুমকি দেন। গত বছরের ৭ নভেম্বর তিশা সানায়া আনামকে ফোন করে হুমকি দেন।

মামলায় বলা হয়, সানায়া আনামের প্রতারণার মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তবে তদন্ত কর্মকর্তা পক্ষপাতদদুষ্ট হয়ে আদালতে প্রতিবেদন জমা দেন। এর বিরুদ্ধে নারাজি দিলে রবিবার মামলাটি সিআইডি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়।

সানায়া আনাম আদালত থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হয়। এতে তিশা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বাদীর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেন তানজিন তিশার বিরুদ্ধে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সানায়া আনাম। তিনি থানায় যান মামলা করতে। তবে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে মামলার করার পরামর্শ দেয় বলে অভিযোগে বলা হয়।

হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ

ইয়েমেনের কট্টরপন্থি হুথি বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতিরক্ষায় সামরিক সহায়তা দেওয়ার জন্য দেশের সশস্ত্র বাহিনীকে অনুমোদন দিয়েছে মিসরের পার্লামেন্ট। দেশটির আইনপ্রণেতা ও স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই সিদ্ধান্তের ফলে ইয়েমেনি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলায় তীব্র হওয়া আঞ্চলিক সংঘাতের আরও কাছে চলে এলো কায়রো।

রিয়াদ যদি হুথিদের বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষায় সহায়তা চায়, তবে যেন সামরিক সহায়তা দেওয়া যায়, তা নিশ্চিত করতে গত সপ্তাহে পার্লামেন্টের অনুমোদন চেয়েছিলেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। হুথিদের সাম্প্রতিক তৎপরতা কেবল সৌদির ভূখণ্ডের জন্যই হুমকি তৈরি করেনি, বরং লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা কৌশলগত বাব আল-মানদেব প্রণালিকেও ঝুঁকিতে ফেলেছে। এই রুটটি মিসরের সুয়েজ খালে প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সৌদি আরবে হুথিদের হামলায় বিমান চলাচল এবং তেল রফতানি ব্যাহত হওয়ার পর এই অনুমোদন দিলো কায়রো। তবে মিসর ইরানের নেতৃত্বাধীন আক্রমণ ও উপসাগরীয় অঞ্চলে ইয়েমেনি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানালেও সরাসরি সংগ্রামে নামেনি। সিসি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মিসরের যেকোনও সহায়তা কেবল সৌদি ভূখণ্ড ও সীমানা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে; ইয়েমেনের ভেতরে গিয়ে হামলা চালানো তাদের উদ্দেশ্য নয়।

প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার অংশ হিসেবে গত বুধবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং গোয়েন্দা প্রধান হাসান রাশাদ রিয়াদ সফর করেন। সফর শেষে আবদেলাতি জানান, কূটনৈতিক উপায়ে ইয়েমেন সংঘাত সমাধানের প্রতিটি সুযোগ বাস্তবায়নে কায়রো সমর্থন জানায়।

সংঘাত তীব্র রূপ নেওয়ায় লোহিত সাগরের নিরাপত্তা রক্ষায় দুই দেশ নিরাপত্তা আলোচনা জোরদার করেছে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান লোহিত সাগরে নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে আলোচনা করতে কায়রো সফর করেছিলেন। মিসর ইঙ্গিত দিয়েছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে আগস্টে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টিও তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মিসরীয় সামরিক সক্ষমতা এবং লোহিত সাগরে এর কৌশলগত অবস্থানের কারণে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া সৌদি আরব মিসরের এক বড় রাজনৈতিক ও আর্থিক অংশীদার। তবে ১৯৬০-এর দশকে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপে চরম ক্ষতির সম্মুখীন হওয়া এবং ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর কোনও বড় ধরনের আন্তর্জাতিক যুদ্ধ অভিযানে সেনা না পাঠানোর ইতিহাস মিসরকে কিছুটা সতর্ক রাখছে। মিসর কতটুকু সামরিক সহায়তা দেবে তা শেষ পর্যন্ত সৌদি আরবের আনুষ্ঠানিক চাওয়া এবং আঞ্চলিক সংঘাত এড়ানোর চেষ্টার ওপর নির্ভর করবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

স্বর্ণের দামে বড় পতন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
স্বর্ণের দামে বড় পতন

আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা চতুর্থ দফা সোনার দাম কমালো বাজুস। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম কমে দাঁড়াচ্ছে ৩ হাজার ৩২৪ টাকা।

রবিবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। গতকাল শনিবার এ দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৯১ টাকা।