রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় হেভি ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় হেভি ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় হেভি ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সংগঠনটির সভায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ও কর্মক্ষেত্রে মর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র অপারেটর রুবেল হোসেন। প্রধান অতিথি ছিলেন সিনিয়র অপারেটর মুজাফফর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ গোলাম মোস্তফা।

বক্তারা বলেন, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো নির্মাণে হেভি ইকুইপমেন্ট অপারেটর ও হেলপাররা ঝুঁকি নিয়ে কাজ করেন। তাঁদের আইনি সুরক্ষা, চিকিৎসাসেবা, সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে মালিকপক্ষকে ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

সভায় শ্রমিকদের পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অপারেটরদের ঘণ্টাপ্রতি মজুরি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা, হেলপারদের ঘণ্টাপ্রতি মজুরি ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ এবং কাজের মৌসুমে হেলপারদের মাসিক ন্যূনতম তিন হাজার টাকা বেতন দেওয়া। এ ছাড়া কাজের মৌসুম শেষে গ্যারেজে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের সময় অপারেটর ও হেলপারদের যাতায়াত, খাবার ও দৈনিক হাতখরচের ব্যবস্থা এবং শ্রমিক-মালিকের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রেখে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দাবি জানানো হয়।

বক্তারা বলেন, শ্রমিকের জীবনমান ও মর্যাদা নিশ্চিত হলে শিল্পের অগ্রগতিও ত্বরান্বিত হবে। তাঁরা সাতক্ষীরা জেলার সব হেভি ইকুইপমেন্ট অপারেটর ও হেলপারকে ইউনিয়নের সদস্য হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Ads small one

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুশোডাঙ্গায় পোস্টারিং

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুশোডাঙ্গায় পোস্টারিং

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করার লক্ষ্যে সাতক্ষীরার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি পালন করা হয়েছে। সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজিরহাট বাজারে এ পোস্টারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা ও সদস্যসচিব মাহমুদুল হাসান সুজন। এ সময় যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আশানুর রহমান, ৯ নম্বর হেলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদলের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টারিং শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে যুবদলের আদর্শ তুলে ধরেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার আহ্বান জানান।

তালার স্বাস্থ্য কর্মকর্তা ও আব্বাসীর মন্তব্য এবং সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
তালার স্বাস্থ্য কর্মকর্তা ও আব্বাসীর মন্তব্য এবং সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও এনায়েত উল্লাহ আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা এবং নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে মানবববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেস ক্লাবের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক মহিদার রহমান, আসাদুজ্জামান সরদার ও আবু সাঈদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন।

মানববন্ধনে বক্তারা বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব সাংবাদিককে নিয়ে যে মন্তব্য করেছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকেরা সমাজের আয়না ও জাতির বিবেক হিসেবে নির্যাতিত ও নিষ্পেষিত মানুষের পক্ষে সাহসিকতার সঙ্গে কাজ করে থাকেন। দায়িত্বশীল পদে থেকে তাঁদের বিরুদ্ধে এমন ঢালাও ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।

চিকিৎসাসেবার বর্তমান চিত্র তুলে ধরে বক্তারা অভিযোগ করেন, চিকিৎসকদের একটি অংশ সেবার নামে ব্যবসা ও মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। ফলে দেশের স্বাস্থ্য খাত আজ দুর্নীতিগ্রস্ত ও অবহেলিত খাতে পরিণত হয়েছে।

একই সঙ্গে এনায়েত উল্লাহ আব্বাসীর বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ ছাড়া সম্প্রতি নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জে স্কুলছাত্রীর বিয়ে, মুচলেকা ও নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জে স্কুলছাত্রীর বিয়ে, মুচলেকা ও নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রায় দুই সপ্তাহ আগে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খাঁরহাট গ্রামে ১৫ বছর বয়সী ওই ছাত্রীর বিয়ে হয়। এ ঘটনায় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবিতে ২৫ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

ছাত্রীটি বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জন্মনিবন্ধন অনুযায়ী, তার জন্মতারিখ ১৭ নভেম্বর ২০১০। সে হিসাবে বিয়ের সময় তার বয়স ছিল ১৫ বছর ১১ মাস। তার বিয়ে হয় পার্শ্ববর্তী মারকা গ্রামের আনোয়ার হোসেনের ২৭ বছর বয়সী ছেলে আব্দুল মান্নানের সঙ্গে।

বাল্যবিবাহ প্রতিরোধকর্মী সাকিবুর রহমান বাবলা জানান, ২০১৫ সালে কালীগঞ্জকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছিল। এ ঘটনায় তদন্ত ও বাল্যবিবাহ প্রতিরোধে নজরদারি জোরদারের দাবি জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আর্ণা চক্রবর্তী ছাত্রীর পরিবারকে ডেকে বাল্যবিবাহবিরোধী আইন সম্পর্কে অবহিত করেন। পরে ছাত্রীর বাবা শেখ ইমান আলী মুচলেকা দেন। একই সঙ্গে বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন।