শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শকরা।

এর মধ্যে ইস্টার্ন গ্যালারিতে ২০০ ও নর্দান গ্যালারিতে ৪০০ টাকা মূল্যের টিকিটে খেলা দেখা যাবে। ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটও। আর ক্লাব হাউসে (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডে) বসে খেলা দেখতে ব্যয় হবে ৬০০ টাকা।

এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ২ হাজার ৫০০ টাকায়। এবারও বুথে টিকিট বিক্রি হবে না। কিনতে হবে www.gobcbticket.com.bd ঠিকানা থেকে।

আগামীকাল তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৯, ১১ ও ১৪ জুন হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচই শুরু হবে বেলা ১১টায়।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ। ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো হবে বেলা দুইটা থেকে ।

Ads small one

সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ?

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:০৩ অপরাহ্ণ
সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ?

কাজী মামুনুর রহমান মাহিম

সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের কাজ নয়; অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তথ্য-প্রমাণের ভিত্তিতে সত্য তুলে ধরাও এর অন্যতম দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে প্রাণ হারাতে হলে অনুসন্ধানী সাংবাদিকতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকাণ্ড সেই প্রশ্নকে আরও গভীর করেছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলিফ সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ বালু-পাথর উত্তোলনসহ বিভিন্ন অপরাধ নিয়ে অনুসন্ধান করতেন। তথ্য সংগ্রহে কখনো ছদ্মবেশও ধারণ করতেন তিনি। ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজে বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে তথ্য প্রকাশ করতেন। হত্যাকাণ্ডের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ১৫ অক্টোবর ২০২৬ রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া এলাকায় শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের পাশে গুলিতে নিহত হন আলিফ। তিনি বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। এর আগে, ২০২৫ সালের ১০ নভেম্বর দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় সংবাদ সংগ্রহের সময় হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।

আগের হামলার পরও একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি, আলিফের হত্যাকাণ্ড তা নতুন করে সামনে এনেছে। তাঁর অনুসন্ধানী কাজের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করা প্রয়োজন। অনুমান বা অভিযোগের ভিত্তিতে হত্যার উদ্দেশ্য সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো নয়, বরং তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা বের করে আনাই জরুরি।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২১ অক্টোবর পর্যন্ত এ মামলায় দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে চার দিন এবং আশিকুর রহমান প্রাঙ্গণকে তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এখন প্রত্যাশা, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে আলিফের ওপর আগের হামলার ঘটনাটিও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।

এ হত্যাকাণ্ডে তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা ও দুই সন্তান অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার থাকা মানবিক ও পেশাগত দায়িত্বের অংশ।

প্রথম আলোর ১৭ অক্টোবরের প্রতিবেদনে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনুসন্ধানী সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজে জবাবদিহি প্রতিষ্ঠা এবং জনস্বার্থ রক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। সাংবাদিকেরা অপরাধ ও অনিয়মের তথ্য প্রকাশ করতে গিয়ে যদি হামলা, হুমকি কিংবা হত্যার ঝুঁকিতে থাকেন, তবে তা শুধু তাঁদের ব্যক্তিগত নিরাপত্তাকেই বিপন্ন করে না; মানুষের জানার অধিকার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে।

সাংবাদিকের ওপর হামলা ও হত্যার ঘটনায় কার্যকর তদন্ত এবং বিচার নিশ্চিত না হলে দায়মুক্তির আশঙ্কা বাড়ে। এতে অপরাধের তথ্য প্রকাশে সাংবাদিকদের মধ্যে ভীতি তৈরি হতে পারে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তাঁদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দ্রুত তদন্ত করা এবং দোষীদের আইনানুগ শাস্তি নিশ্চিত করা জরুরি।

আলিফ ফকিরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে হবে। তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাংবাদিক সমাজেরও উচিত তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি অনুসরণ করা এবং সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকা।

অনুসন্ধানী সাংবাদিকতা যেন ভয় ও প্রাণহানির আশঙ্কায় থমকে না যায়, সে দায়িত্ব রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সামগ্রিকভাবে সমাজের। আলিফ হত্যার নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাই শুধু একজন সাংবাদিকের জন্য নয়—এটি স্বাধীন সাংবাদিকতা ও মানুষের জানার অধিকার রক্ষারও দাবি।

সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চাই। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কাজী মামুনুর রহমান মাহিম, সাংবাদিক ও আইন-নীতি বিশ্লেষক

মনিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
মনিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

যশোর প্রতিনিধি: পাঁচ শহীদ বিপ্লবী কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মনিরামপুরের চিনাটোলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোক পালন ও শপথ পাঠ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটির উদ্যোগে শহীদদের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ, নীরবতা পালন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা কমিটির সহসভাপতি সমীরণ বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির মনিরামপুর উপজেলা কমিটির সহসভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আশিষ গাইন এবং জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কর্মসূচিতে নেতৃবৃন্দ শহীদ বিপ্লবীদের অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার আহ্বান জানান। তাঁরা বলেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আধিপত্য বিস্তার ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার কারণে বাংলাদেশ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেশের বন্দর ও করিডর বিদেশি শক্তির স্বার্থে ব্যবহারের উদ্যোগের বিরোধিতা করে তাঁরা জাতীয় স্বার্থ রক্ষায় সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন জোরদার এবং সংশ্লিষ্ট শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ অক্টোবর পাকিস্তানি শাসকদের এদেশীয় সহযোগী রাজাকার বাহিনী মনিরামপুরের চিনাটোলা বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুকে আটক করে। পরে হরিহর নদীর সেতুর ওপর তাঁদের হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। এ পাঁচ বিপ্লবীর স্মরণে প্রতিবছর মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

অসুস্থ মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
অসুস্থ মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর সঙ্গে কথা বলেন।

হাসপাতালে উপস্থিত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকেরা মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগের সমস্যা নিয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা এই মন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও তাঁকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নেন।

ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার। এ সময় তাঁর সহধর্মিণী রোকসানা খন্দকার ও তিন কন্যা হাসপাতালে তাঁর শয্যাপাশে রয়েছেন।