এইচএসসি ফলাফলে তালা উপজেলায় শীর্ষে মহিলা কলেজ, আনন্দ মিছিল
নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে তালা মহিলা কলেজ। এ সাফল্য উদ্যাপনে সোমবার (২ নভেম্বর) সকালে কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে কলেজ প্রাঙ্গণ থেকে শত শত ছাত্রী, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক এস কে কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস স্বর্ণা।
কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য দেন সহকারী অধ্যাপক তরুণ সরদার, আবু হোসেন, গাজী নজরুল ইসলামসহ অন্যরা।
কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তালা মহিলা কলেজ থেকে ২৭৫ জন ছাত্রী অংশ নেন। তাঁদের মধ্যে ১৩ জন জিপিএ-৫ অর্জন করেন এবং উত্তীর্ণ হন ১৬০ জন। কলেজটির পাসের হার ৫৮ দশমিক ১৮ শতাংশ।
উপজেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের তত্ত্বাবধানের কথা উল্লেখ করেছেন।
উল্লেখ্য, ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে তালা মহিলা কলেজ। আনন্দ মিছিল ও আলোচনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।











