কয়রায় চাকরি পুনর্বহালের দাবিতে ৩০ আউটসোর্সিং কর্মচারীর অবস্থান
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরিচ্যুত ৩০ জন আউটসোর্সিং কর্মচারীকে পুনর্বহাল ও ১৫ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের পাশে এ কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মচারীরা।
কর্মসূচিতে তাঁরা জানান, গত ২৬ অক্টোবর খুলনার সিভিল সার্জন কার্যালয়ের এক আদেশে তাঁদের চাকরিচ্যুত করা হয়। এতে পরিবার-পরিজন নিয়ে তাঁরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। পাশাপাশি তাঁদের ১৫ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে।
কর্মচারীরা মানবিক দিক বিবেচনা করে চাকরি পুনর্বহাল, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং নিজ নিজ কর্মস্থলে যোগদানের সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন চাকরিচ্যুত কর্মচারী মো. মাহাবুবুর রহমান, মো. মাসুদুর রহমান, মো. আফজাল হোসেন, আবদুর রউফ, মো. আহম্মেদ মোস্তজা, আনিসুজ্জামান টুটুল, আবদুল কাদের ও মো. আশিকুর রহমান।









