কলারোয়ায় ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদদাতা: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের প্রত্যয়ে ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির উদ্যোগে সাতক্ষীরার কলারোয়ায় ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ মে) সকাল ১০টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠের খোলা জায়গাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সমিতির নেতৃবৃন্দ জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও কলারোয়া অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবুজে ঘিরে ফেলার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির সভাপতি আজগর আলী কাঞ্চন এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়তু।
বৃক্ষরোপণকালে আরও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উপস্থিত অতিথিরা কলারোয়ার পরিবেশ রক্ষায় প্রবাসে ও ঢাকায় অবস্থানরত কলারোয়াবাসীর এমন যৌথ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যার ওপর গুরুত্ব আরোপ করেন। আগামীতেও কলারোয়ার উন্নয়নে ও সামাজিক কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে সমিতির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।









