কলারোয়ায় ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটির সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠের সংরক্ষণ, সংস্কার ও উন্নয়নে ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দান মঞ্চে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। মাঠ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ তামিম আজাদ মেরিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।
সভায় মাঠ সংস্কার, শিশুদের জন্য পৃথক ক্রীড়াঙ্গন তৈরি, ইনডোর গেমসের ব্যবস্থা, ব্যায়ামের সরঞ্জাম স্থাপন এবং সীমানাপ্রাচীর নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রস্তাব তুলে ধরা হয়। এ ছাড়া তিনটি প্রবেশপথ নির্মাণের মাধ্যমে মাঠের নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
প্রধান অতিথি প্রস্তাবগুলোর সঙ্গে একমত পোষণ করে শিগগিরই মাঠের সংস্কারকাজ শুরু করার আশ্বাস দেন। পাশাপাশি অন্যান্য উন্নয়ন প্রস্তাব পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা জানান।
ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট কাজী আবদুল্লাহ আল হাবিবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মীর রফিকুল ইসলামসহ কমিটির কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা।









