বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

খোলপাটুয়া-চুনা নদীতে কুমিরের বিচরণ: জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চিংড়ি পোনা ধরছেন জেলেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
খোলপাটুয়া-চুনা নদীতে কুমিরের বিচরণ: জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চিংড়ি পোনা ধরছেন জেলেরা

এমএ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া ও চুনা নদীতে সম্প্রতি কুমিরের বিচরণ দেখা গেলেও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে নদীতে নেমে চিংড়ি পোনা ও অন্যান্য মাছের পোনা শিকার করছেন স্থানীয় জেলেরা। এতে একদিকে কুমিরের আক্রমণের আশঙ্কা বাড়ছে, অন্যদিকে জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়েই নদীতে নামতে বাধ্য হচ্ছেন তাঁরা।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও নীলডুমুর এলাকার জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুন্দরবন সংলগ্ন নদী ও খালগুলোতে বিভিন্ন সময় কুমিরের দেখা মিলছে। বিশেষ করে খোলপাটুয়া ও চুনা নদীর বিভিন্ন অংশে জেলেরা জাল ফেলতে গিয়ে কুমিরের উপস্থিতি দেখতে পান। কখনো কখনো নদীতে জাল টানার সময় কুমির খুব কাছ দিয়ে চলে যাওয়ার ঘটনাও ঘটছে বলে জানান স্থানীয় জেলেরা।
বুড়িগোয়ালিনী-নীলডুমুর এলাকার জেলে জেহের আলী ও বক্স সরদার বলেন, নদীতে জাল টানার সময় মাঝেমধ্যেই কুমির চোখে পড়ে। কুমির দেখলে ভয় লাগে এবং জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু মাছের পোনা ধরে বিক্রি করে সংসার চালাতে হয়। নদীতে না নামলে খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ে। তাই ঝুঁকি থাকলেও বাধ্য হয়ে নদীতে নেমে জাল টেনে পোনা সংগ্রহ করতে হচ্ছে।
স্থানীয় জেলেদের ভাষ্য, সুন্দরবনসংলগ্ন নদ-নদীতে চিংড়ির পোনা পাওয়া যায়। এসব পোনা সংগ্রহ করেই অনেক পরিবার তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ করে। ফলে কুমিরের বিচরণ সম্পর্কে জানার পরও অনেকে নদীতে নামছেন। এতে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে সুন্দরবন সংলগ্ন নদী ও খালে কুমিরের সংখ্যা বৃদ্ধি এবং প্রজননের উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবন সংলগ্ন নদী ও খালগুলোতে কুমিরের প্রজনন ও বিস্তার বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে কুমির সংগ্রহ করে সুন্দরবনের উপযোগী এলাকায় অবমুক্ত করা হয়েছে। ফলে এসব নদী ও খালে কুমিরের বিচরণ স্বাভাবিকভাবেই বাড়তে পারে।
বন বিভাগের পক্ষ থেকে জেলেদের সতর্ক করে বলা হয়েছে, কুমিরের উপস্থিতি রয়েছে এমন নদী-খালে পানিতে নেমে মাছ বা চিংড়ির পোনা শিকার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে জাল টানার সময় পানিতে অবস্থান না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং কুমির দেখা গেলে দ্রুত স্থান ত্যাগ করার জন্য জেলেদের আহ্বান জানানো হয়েছে। বন কর্মকর্তারা আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি মানুষের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। কুমির সুন্দরবনের গুরুত্বপূর্ণ প্রাণী এবং এর প্রজনন ও সংখ্যা বৃদ্ধি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তাই জেলেদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কুমিরের বিচরণক্ষেত্র সম্পর্কে স্থানীয়দের নিয়মিত সতর্ক করা প্রয়োজন।
স্থানীয়দের দাবি, শুধু সতর্ক করলেই হবে না; নদীতে পোনা ধরার ওপর নির্ভরশীল দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরি করতে হবে। তাহলে কুমিরের বিচরণ এলাকায় জীবন ঝুঁকিতে ফেলে নদীতে নামার প্রবণতা কমবে। সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কুমিরের নিরাপদ বিচরণ যেমন প্রয়োজন, তেমনি সুন্দরবনসংলগ্ন নদ-নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

Ads small one

দলিতের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
দলিতের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

তালা প্রতিনিধি: শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বেসরকারি সংস্থা ‘দলিত’ এই প্রশিক্ষণের আয়োজন করে।

 

সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে মনিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন সেশন পরিচালনা করেন। এতে মোট ২০ জন শিক্ষার্থী অংশ নেন।

পাটকেলঘাটায় একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজিসহ একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরবর্তীতে আদালতে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনায় চার সদস্যের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

কমিটিতে সভাপতি করা হয়েছে যশোর বোর্ড মনোনীত প্রভাষক মো. আরিফুল ইসলামকে। যশোর শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, এই কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে বিধিমালা অনুসরণ করে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।