মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

জেয়ালা-পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
জেয়ালা-পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা থেকে পুরাতন সাতক্ষীরা সড়কের সংস্কারকাজ ঘিরে নানা অভিযোগ উঠেছে। পুরোনো পিচ ক্ষয়প্রাপ্ত হওয়ায় সড়কটি নতুন করে সংস্কার করা হচ্ছে। বর্তমানে পুরোনো অংশ প্রস্তুত করে ইটের খোয়া বিছিয়ে ভাইব্রেটরি রোলার দিয়ে কম্প্যাকশন (চাপ দিয়ে শক্তকরণ) কাজ চলছে। তবে এ কাজের মধ্যেই সড়কের পাশের নরম মাটিতে মালবোঝাই একটি ট্রাক্টর-ট্রলি কাত হয়ে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জেয়ালা-পুরাতন সাতক্ষীরা সড়কের একটি অংশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মালবোঝাই ট্রাক্টর-ট্রলিটি সংস্কারাধীন সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার এক পাশের নরম মাটিতে চাকা নেমে যায়। এতে ট্রলিটি একদিকে কাত হয়ে পড়ে। তবে চালকের দক্ষতা ও স্থানীয় লোকজনের সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনাস্থলে দেখা যায়, সড়কের ওপর ইটের খোয়া বিছিয়ে ভাইব্রেটরি রোলার দিয়ে সমান ও শক্ত করার কাজ চলছিল। রাস্তার এক পাশেই রয়েছে পানিপূর্ণ মাছের ঘের। ট্রলি কাত হয়ে গেলেও অল্পের জন্য সেটি ঘেরে পড়েনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের দুই পাশে পর্যাপ্ত মাটি না থাকায় রাস্তার কিনারা দুর্বল হয়ে পড়েছে। তাদের দাবি, দুই পাশের ঘেরে পানি পূর্ণ থাকায় মাটির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি অনেক স্থানে ঘের মালিকরা রাস্তার পাশে অতিরিক্ত মাটি না দেওয়ায় রাস্তার কিনারা ধসে যাচ্ছে। এতে শুধু দুর্ঘটনার ঝুঁকিই বাড়ছে না, সংস্কারাধীন সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, সড়কের মূল অংশে কাজ চললেও পাশের অংশ যথাযথভাবে শক্ত করা না হলে ভবিষ্যতে নতুন পিচ ঢালাইয়ের পরও রাস্তা দ্রুত ক্ষয় হতে পারে। তাই সড়কের দুই পাশ মাটি দিয়ে ভরাট, যথাযথ কম্প্যাকশন এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

এলাকাবাসীর মতে, জেয়ালা-পুরাতন সাতক্ষীরা সড়কটি গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তাই কাজের মান নিশ্চিতের পাশাপাশি রাস্তার দুই পাশের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

তবে স্থানীয়দের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বা সড়ক সংস্কারকাজ তদারককারী কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

 

Ads small one

শ্যামনগরে ধান বীজ ও সার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
শ্যামনগরে ধান বীজ ও সার বিতরণ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা, বন্যা ও অনিয়মিত আবহাওয়ার কারণে কৃষি উৎপাদন আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন সংগঠন লিডার্স জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং জৈবসার বিতরণ করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) শ্যামনগর উপজেলায় লিডার্স-এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে কেয়ার প্রকল্পের আওতায় ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স-এর সাধারণ পরিষদ সদস্য রনজিৎ বর্মন, আটুলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সামছুর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশালতা।

সংস্থার ফিন্যান্স ডিরেক্টর আনোয়ার রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জুরুল হক। এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড অফিসার মো. ফয়সাল হাসানের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাকাউন্টস অফিসার রায়হান কবির, প্রজেক্ট অফিসার মাসুমা খাতুন, শম্পা রানী দাস প্রমুখ।

 

 

 

 

 

কলারোয়ায় প্রবাসী দম্পতির সহায়তায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
কলারোয়ায় প্রবাসী দম্পতির সহায়তায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার গোয়ালচাতর গ্রামে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়ালচাতর যুব সমাজের আয়োজনে ও আমেরিকা প্রবাসী আলমগীর দম্পতির সার্বিক সহযোগিতায় বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এ ক্যাম্পে এলাকার তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ প্রদান ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. সৌমেন সরকার এবং ডা. ফারজানা রহমান রোগীদের চিকিৎসাসেবা দেন। তারা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন। আয়োজকরা বলেন গ্রামের অসহায় ও নি¤œআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, অনেক মানুষ নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তারা সহজেই স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ পাচ্ছেন। সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানান তিনি।

চিকিৎসাসেবা নিতে আসা আলেয়া, তাহমিনাসহ রোগীরা বলেন, বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে খুবই উপকৃত হয়েছি। ওষুধ ও ডায়াবেটিস পরীক্ষাও বিনামূল্যে হয়েছে। এমন আয়োজন আমাদের মতো মানুষের জন্য অনেক উপকারে আসে। মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন আলমগীর হোসেন (আমেরিকা প্রবাসী) ভবিষ্যতেও এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

 

কালিগঞ্জে মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৬২ পিস ইয়াবাসহ দুইজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
কালিগঞ্জে মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৬২ পিস ইয়াবাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৬২ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে আব্দুল মাজেদ (৫১)-এর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম-কাকশিয়ালী এলাকা থেকে মারুফ হোসেন (১৮)-এর কাছ থেকে আরও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ জসিম উদ্দিন আকবর। অভিযানে অধিদপ্তরের অন্যান্য সদস্যরাও অংশ নেন। আটক দু’জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।