বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ঢাকায় শুরু ৩০তম ইউএস ট্রেড শো, গুরুত্ব পাচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
ঢাকায় শুরু ৩০তম ইউএস ট্রেড শো, গুরুত্ব পাচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। এতে মার্কিন বিভিন্ন পণ্য, সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি দুই দেশের ব্যবসায়িক অংশীদারত্ব ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আরও উপস্থিত ছিলেন অ্যামচেম বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালসহ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক রয়েছে। ইউএস ট্রেড শোর মতো আয়োজন দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করতে পারে। বাংলাদেশ বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি ও টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাণিজ্য ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ। শিল্প খাতে দক্ষতা বৃদ্ধি, পরিবেশগত স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা জোরদারে মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগ ভূমিকা রাখতে পারে।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়। মার্কিন কোম্পানিগুলোর পণ্য, সেবা ও প্রযুক্তি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব ও বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী।

অ্যামচেম বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, তিন দশক ধরে ইউএস ট্রেড শো মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের বাজারের সংযোগ তৈরিতে ভূমিকা রাখছে। এবারের আয়োজনও দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে।

প্রদর্শনীর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি, নারী নেতৃত্ব, বিদেশে বিনিয়োগ, পারস্পরিক বাণিজ্য, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ডিজিটাল অর্থনীতি নিয়ে সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরবেন।

আয়োজকেরা জানান, প্রদর্শনীতে বিভিন্ন খাতের মার্কিন পণ্য, সেবা ও প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ পাবেন দর্শনার্থীরা। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের অবহিতকরণ সভা

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উইমেন পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফান্ডের অর্থায়নে, ইউএন উইমেন বাংলাদেশের সহযোগিতায় এবং ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। প্রকল্পের যোগাযোগ ও প্রচার কর্মকর্তা মার্জুবা আফরা উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন।

সভায় জানানো হয়, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা, নারীর নেতৃত্ব ও আর্থিক সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, পিস সার্কেল গঠন, সচেতনতা কার্যক্রম এবং নীতিগত সুপারিশ নিয়ে কাজ করবে প্রকল্পটি। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা বক্তব্য দেন।

আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

আশাশুনি প্রতিনিধি: মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) কলেজিয়েট স্কুলের হলরুমে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিদ্যালয়ের অধ্যক্ষ মোহিত কুমার দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাস, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রেজাউল করিম, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগসহ অন্যরা। বক্তারা শিক্ষার্থীদের এসব সামাজিক অপরাধের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

সাতক্ষীরায় ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

পত্রদূত ডেস্ক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশের রসুলপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে কোরআনখানি, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় ফাউন্ডেশনের যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী মো. জাহিদুর রহমান শোভনের সঞ্চালনায় বক্তব্য দেন ফাউন্ডেশনের আজীবন সদস্য শেখ মোয়াজ্জেম হোসেনসহ অতিথিরা। বক্তারা বলেন, শিশু চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় ডা. এম আর খানের অবদান স্মরণীয়। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাঁর উদ্যোগ এবং শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আজও ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের সাতক্ষীরার বিভিন্ন শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর অংশ হিসেবে মথুরাপুর শাখায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে ২৭৪ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৯৩ জনের ছানি অস্ত্রোপচার এবং ১২ জনের নালি অস্ত্রোপচারের জন্য তালিকা করা হয়। শিবির উদ্বোধন করেন লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম। এর আর্থিক সহযোগিতা করেন শেখ মোয়াজ্জেম হোসেন।

দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডা. এম আর খানের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর মানবসেবা ও শিশু কল্যাণের আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।